চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বিগত সময়ে রাজনীতিবিদদের চরম ভুল, অবহেলা এবং দুর্নীতির কারণেই বর্তমানে দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
আগামী দিনগুলো অনেক বেশি সংকটময় হতে পারে উল্লেখ করে তিনি বলেন, "রাজনীতিবিদদের সমালোচনা করে অতীতে আমি সোচ্চার হয়েছিলাম। তখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। তারাই এখন দুর্নীতির দায়ে অভিযুক্ত। দুনিয়ার রীতি-নীতি না বুঝেই তখন তারা এসব কথা বলেছিলেন।"
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক সংগঠন সমন্বয় আয়োজিত শ্রেষ্ঠ সমাজসেবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমেদ একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী।
ঘরোয়া রাজনীতি শুরু হওয়ার বিষয়ে এলডিপি সভাপতি বলেন, "বর্তমান পরিস্থিতিতে চিন্তাভাবনা করে অগ্রসর হতে হবে। গণতন্ত্রকে কেউ রুদ্ধ করে রাখতে পারবে না। এ দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করে ছাড়বে।"
তিনি আরও বলেন, "আমাদের সবকিছু থাকলেও দুর্নীতির কারণে এগুতে পারছি না। দুর্নীতি বন্ধ হলে দেশের অগ্রগতি ঠেকিয়ে রাখা যাবে না এবং আগামী পাঁচ বছরে বাংলাদেশ মালেশিয়ার মত স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হবে।"
কর্নেল অলি মনে করেন, গত ১৫ বছরে দেশে গণতন্ত্রের নামে চোরতন্ত্রের চর্চা হয়েছে। তিনি বলেন, "ভবিষ্যতে এ দিকে নজর না দিলে আরও বেশি ক্ষতি হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১০৩ ঘ.
bdnews24