ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য জরুরী আইন বহাল রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) আহ্বায়ক ফেরদৌস আহমদ কোরেশী।
তিনি বলেন, "জরুরী অবস্থার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য জরুরী আইন বহাল রাখা অপরিহার্য।"
শনিবার সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, "যারা সন্ত্রাসী ও দুর্নীতিগ্রস্তদের ছাড়া নির্বাচনে অংশ নিতে ভয় পান কেবল তারাই এখন জরুরী অবস্থা প্রত্যাহার করার কথা বলছেন।"
তবে জরুরী আইন বহাল থাকলেও তা প্রয়োজন মত শিথিল করে নির্বাচনী প্রচারণার সুযোগ সৃষ্টি এবং রাজনৈতিক কর্মকান্ড পর্যায়ক্রমে স্বাভাবিক করতে প্রথম পর্যায়ে সারা দেশে ঘরোয়া রাজনীতির অনুমতি দেয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে কোরেশী বলেন, রোডম্যাপ অপরিবর্তিত রেখে তিনি (প্রধান উপদেষ্টা) এ বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সংসদ নির্বাচন এবং এর পূর্বে উপজেলা পরিষদ ও পৌর নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়ে জনমনে বিরাজমান সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, "নির্বাচন যদি জাতীয় পরিমণ্ডলে অর্থবহ পরিবর্তন আনতে না পারে, দেশ যদি আবার ১১ জানুয়ারির পূর্ববর্তী অবস্থায় ফিরে যায়; জাতির কাছে আপনারা চিরকাল প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন।"
"শুধু রাজনীতিবিদদের কারণেই এ দেশ দুর্নীতিগ্রস্ত হয়নি" মন্তব্য করে তিনি বলেন, জাতীয় পর্যায়ে শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতিবাজদেরও আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কারণ স্থানীয়ভাবে তারাই কালো টাকা ও পেশীশক্তি প্রদর্শন করে নির্বাচনকে প্রভাবিত করে থাকে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডিপির যুগ্ম আহ্বায়ক মেজর জেনারেল (অব.) রফিকুল হোসেন, নুর মোহাম্মদ খান ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/কিউএইচ/এমএ/১৮০৫ ঘ.
bdnews24