২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে মুক্ত করার প্রস্তুতি নিন: তোফায়েল

আলোচনার মধ্য দিয়ে নয়, আন্দোলনের মাধ্যমেই কারাবন্দি শেখ হাসিনাকে মুক্ত করতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। আর এ জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচনার মধ্য দিয়ে নয়, আন্দোলনের মাধ্যমেই কারাবন্দি শেখ হাসিনাকে মুক্ত করতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। আর এ জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার স্বেচ্ছাসেবক লীগের এ আলোচনা সভায় তোফায়েল আহমেদ এ আহ্বান জানান। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অুনষ্ঠিত ওই সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানও বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল হান্নান। তোফায়েল আহমেদ বলেন, "আজ আমরা শপথ নিচ্ছি, সামরিক আইন ও সান্ধ্য আইন ভঙ্গ করে যেভাবে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করেছি, তেমনি করে শেখ হাসিনাকে মুক্ত করব। আলোচনার মধ্য দিয়ে শেখ হাসিনার মুক্তি হবে না। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে আপনারা প্রস্তুত থাকুন।" তিনি বলেন, "বর্তমান সরকার দেশকে যত পিছিয়ে নিয়ে গেছে, তা স্বাভাবিক হতে কত সময় লাগবে তা কেউ জানে না। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারেন কেবল শেখ হাসিনাই।" আব্দুর রাজ্জাক দেশবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য শেখ হাসিনার মুক্তি দাবি করেন। মতিয়া চৌধুরী বলেন, "জনগণের ইচ্ছার বিপক্ষে ক্ষমতার দাপট দেখিয়ে কোনও নেতা-নেত্রীর নাম মুছে ফেলা সম্ভব নয়। শেখ হাসিনাই কেবল বর্তমান সঙ্কট নিরসন করতে পারেন।" আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা: আগামী ২৬ মে আওয়ামী লীগের বর্ধিত সভা ও শেখ হাসিনার মুক্তির দাবিতে ২০ মে দেশব্যাপী প্রতীকী গণঅনশন সফল করতে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়েছে শনিবার। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সকাল ১১টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত বৈঠকটি চলে। বৈঠকের পর সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২০ মে'র গণঅনশন এবং ২৬ মে'র বর্ধিত সভা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঢাকা মহানগর ছাড়া দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে এ প্রতীকী গণঅনশন পালিত হবে। আগামী ২৬ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের বর্ধিত সভা হবে।" বর্ধিত সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, প্রতিটি জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাতীয় পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন বলে সৈয়দ আশরাফুল জানান। সম্পাদকমণ্ডলীর বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, আব্দুর রহমান, আব্দুল মান্নান খান, সাহারা খাতুন, ফারুক খান, নূরুল ইসলাম নাহিদ, ইয়াফেস ওসমান, ড. হাসান মাহমুদ, হাবিবুর রহমান সিরাজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৩১ ঘ.