ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিতে ঐক্যের বিষয়ে 'সংস্কারপন্থী' অংশের জোরালো আশাবাদের মধ্যেও অনমনীয় দলটির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলছেন, 'সংস্কারপন্থীরা' দলে ফিরতে চাইলে ভুল স্বীকার করতে হবে। বাতিল করতে হবে দলের স্থায়ী কমিটির ২৯ অক্টোবরের বৈঠকের সিদ্ধান্ত।
বিএনপির দুই অংশের ঐক্যের বিষয়ে গত কয়েকদিন ধরে উভয় পক্ষের আলোচনা চলে। কথা ছিল বৃহস্পতিবার এক যৌথসভায় আনুষ্ঠানিকভাবে ঐক্য প্রক্রিয়ার ঘোষণা আসবে; কিন্তু তা আসেনি। 'সংস্কারপন্থী' নেতা হাফিজউদ্দিন আহমেদ দলের ঐক্য প্রক্রিয়া বিলম্বিত হওয়ার জন্য দেলোয়ার নেতৃত্বাধীন অংশকেই দায়ী করেছেন। আর খোন্দকার দেলোয়ার যৌথ ঘোষণা দেওয়ার বিষয়টি শনিবার নাকচ করে দিয়েছেন।
বিএনপির ঐক্যের অগ্রগতির বিষয়ে শনিবার সাংবাদিকরা জানতে চাইলে খোন্দকার দেলোয়ার বলেন, "বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। এখানে কোনও বিভেদ নেই। অনৈক্য যেখানে নেই, সেখানে ঐক্য প্রক্রিয়ার যৌথ ঘোষণা কিংবা বিবৃতিরও প্রয়োজন নেই। আর যৌথবিবৃতি আমি কেন দেব? তারা (সংস্কারপন্থীরা) আন্তরিক হলে ভুল স্বীকার করে নিক।"
দলের অপর অংশের নেতা হাফিজউদ্দিনের উদ্দেশে তিনি বলেন, "সাইফুর সাহেবের মতো ভুল স্বীকার করে আরও ভালোভাবে বললে তো দলে ফিরতে কোনও বাধা নেই। তবে নেতা-কর্মীদের কাছে অবশ্যই আপনাদের আস্থা অর্জন করতে হবে।"
হাফিজউদ্দিন আহমেদ শুক্রবার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকালে ঐক্যপ্রক্রিয়ার একটি যৌথ ঘোষণা হওয়ার কথা ছিল। আমরা প্রস্তুতও ছিলাম। কিন্তু শেষ মূহূর্তে খোন্দকার দেলোয়ারপন্থী অংশের নেতারা তা স্থগিত করে দেন। তারপরও আমরা দলের ঐক্য চাই। এ জন্য আলাপ-আলোচনা চালিয়ে যাব।
গত বছরের ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক বৈঠকে এম সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাফিজউদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। খোন্দকার দেলোয়ারদের দাবি, ওই বৈঠক অবৈধ।
এর আগেই ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে খোন্দকার দেলোয়ারকে সে দায়িত্ব দিয়ে যান। স্থায়ী কমিটির সদস্যরা মান্নান ভূঁইয়ার ওই বহিষ্কারাদেশ অনুমোদন করেনি।
তবে স
bdnews24