ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের মনোনয়ন না দেয়া এবং তাদের সঙ্গে কোনো নির্বাচনী সম্পর্কে না যাওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচারেরও অঙ্গীকার করেছে দলটি।
শুক্রবার রাতে সেক্টর কমান্ডারস ফোরামের সঙ্গে মতবিনিময়ের পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এই অঙ্গীকারের কথা জানান।
ফোরামের বনানী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থান, নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের দলে স্থান না দেয়া এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে তাদের মনোনয়ন না দেয়া, স্বাধীনতা বিরোধী দলগুলোর সঙ্গে কোনো নির্বাচনী জোট না বাঁধা এবং সেক্টর কমান্ডারস ফোরামের দাবির প্রতি সমর্থন- এই পাঁচটি বিষয়ে সভায় আলোচনা হয়।
মতবিনিময় শেষে যৌথসংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল বলেন, "আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছি। আমাদের পাঁচ দফা ও ছয় দফাতেও যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা হয়েছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে আমরা এ বিষয়গুলো বাস্তবায়ন করব।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আলোচনার পাঁচটি বিষয় বাস্তবায়নেই আমরা অঙ্গীকারাবদ্ধ।"
ফোরামের চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সেক্টর কামাণ্ডার এ কে খন্দকার সভার পাঁচটি আলোচ্য বিষয়ের উল্লেখ করে বলেন, "অত্যন্ত উষ্ণ পরিবেশে আলোচনা হয়েছে।"
আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ ও মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মতবিনিময় সভায় অংশ নেন।
সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষে ছিলেন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি হাসান, অবসরপ্রাপ্ত কর্নেল শামসুল আলম, অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম, হারুন হাবীব, ম হামিদ ও ড. সারোয়ার আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২২৪৮ ঘ.
bdnews24