ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি খালেদা জিয়া, তার দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ দলীয় নেতাদের মুক্তির জন্য শুক্রবার সারাদেশে প্রার্থনা দিবস পালন করছে বিএনপির একাংশ।
কর্মসূচির মধ্যে আছে, সারাদিন রোজা রেখে ইফতার ও দোয়া মাহফিল, জুমার নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা।
প্রার্থনা দিবসে বিকালে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় নিচ তলায় কেন্দ্রীয়ভাবে ইফতার ও দোয়া মাহফিল হবে।
এছাড়া মহিলা দল সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের ৫ নম্বর ভবনে, জিয়া পরিষদ শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে, '৮০ দশকের ছাত্রনেতারা নয়া পল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতার ও দোয়া মাহফিল করবে।
শ্রমিক দল, যুব দল, উলামা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনও বিভিন্ন মসজিদে ইফতার ও দোয়া মাহফিল করবে।
খোন্দকার দেলোয়ার হোসেন সারাদিন রোজা রেখে দিবসটি পালনের জন্য মুসলমান নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। খালেদা জিয়ার মুক্তির জন্য অন্য ধর্মাবলম্বীদেরও প্রার্থনা করতে বলেছেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেত্রী (খালেদা জিয়া) ও দলীয় নেতাদের মুক্তির জন্য সারাদেশে আমাদের অগণিত নেতা-কর্মী প্রার্থনা দিবস পালন করছে। মুসলমান নেতা-কর্মীরা রোজা রেখে বিকালে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবে। অন্য ধর্মের নেতা-কর্মীরাও প্রার্থনা করবে।"
তিনি বলেন, "দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে মুক্তি দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তাদের মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ অর্থবহ হবে।"
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটক রাজনৈতিক নেতাদের মুক্তিসহ ১১ দফা দাবিতে গত ১১ মে থেকে ১৫ মে পর্র্যন্ত স্বাক্ষর সংগ্রহ করে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি আকারে জমা দেওয়ার কর্মসূচি শেষ করে এ প্রার্থনা দিবস পালন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩৮ ঘ.
bdnews24