২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সিদ্ধান্ত মেনে 'সংস্কারপন্থী'দের দলে ফিরতে বাধা নেই: দেলোয়ার

কথিত সংস্কারপন্থীরা খালেদা জিয়ার সিদ্ধান্ত মেনে নিলে দলে ফিরতে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত সংস্কারপন্থীরা খালেদা জিয়ার সিদ্ধান্ত মেনে নিলে দলে ফিরতে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার বিকেলে ন্যাম ফ্ল্যাটে মানিকগঞ্জ জেলা বিএনপি ও আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেলোয়ার বলেন, "যারা আমার ভাষায় 'বিপথগামী' বা কথিত সংস্কারপন্থী হয়েছিলেন, তারা খালেদা জিয়ার সিদ্ধান্ত মেনে নিলে দলে ফিরতে কোনো বাধা নেই। এজন্য আলোচনারও কোনো প্রয়োজন নেই।'' দলের ঐক্য প্রক্রিয়া সর্ম্পকে তিনি বলেন, "সাইফুর রহমান সাহেব নিজের ভুল বুঝতে পেরে অবস্থান পরিষ্কার করেছেন, হাফিজ সাহেবও নিজের অবস্থান পরিষ্কার করুন- তাহলে আর কোনো বাধা থাকে না। আমি আগেও বলেছি, বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, থাকবে।" সংস্কারপন্থীদের ২৯ অক্টোবরের সিদ্ধান্ত বাতিল করেই দলে ফিরতে হবে বলে জানান দেলোয়ার। গত বছরের ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এম সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব নিয়োগ দেওয়া হয়। গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে দেলোয়ার বলেন, "মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে রাজনীতিবিদদের হয়রানি করা হচ্ছে। বিএনপির সাবেক মন্ত্রীদের ওই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।" সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মাধ্যমের ওপর সরকারের বিধি-নিষেধ আরোপ ও বেসরকারি টেলিভিশনের কর্মী ছাঁটাইয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরকার হস্তক্ষেপ করছে। সত্য প্রকাশে বাধা দিচ্ছে। অনেক বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিকদের ছাঁটাই করা হচ্ছে। এভাবে গণমাধ্যমের অধিকার খর্ব করা হচ্ছে।" সরকারের সঙ্গে সংলাপে যাওয়া-না যাওয়ার বিষয়ে চার দলীয় জোটের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার সারাদেশে দলীয় নেতা-কর্মীদের রোজা রেখে দোয়া ও অন্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা করার আহবানও জানিয়েছেন খোন্দকার দেলোয়ার। মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট ফজলুল হক খান, মোকসেদুর রহমান, জামিলুর রশীদ, মো. আলী আশরাফ, মাহবুুব হোসেন খান, আলী আজাদ হোসেন খানের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভায় অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসএনডি/এমএ/২০১০ঘ.