ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনগণকে স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে আসন্ন নির্বাচনের আগেই বাংলাদেশে জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে 'দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সাহায্য' বিষয়ক উপ কমিটির সামনে বক্তব্য দেওয়ার সময় দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার এ আহ্বান জানান।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সাহায্য বাড়াতে বাউচার কংগ্রেসের কাছে অনুরোধ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাউচার আগামী ডিসেম্বরের নির্বাচনের পর বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের জন্য যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও সুশাসন কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ ২ কোটি ১০ লাখ ডলার করার অনুরোধ জানান। যা ২০০৮ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।
এছাড়া কংগ্রেস সদস্য পেন্স যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য নীতির অসামঞ্জস্য দূর করার জন্য সেদেশের সরকারের প্রতি অনুরোধ জানান। এ প্রসঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বার্ষিক ৮ কোটি ডলারের সাহায্যের বিপরীতে বাংলাদেশের রপ্তানি থেকে ৫০ কোটি ডলারের শুল্ক নেয়ার কথা উল্লেখ করেন তিনি।
উপ কমিটির শুনানি অধিবেশনের সভাপতি কংগ্রেস সদস্য গ্যারি অ্যাকারম্যান বাংলাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার কথা উল্লেখ করে বলেন, একটি গণতান্ত্রিক ও বৈধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্র সরকার আরো পদক্ষেপ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/এমএ/১৮৪১ ঘ.
bdnews24