ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ রায় ঘোষণা করেন।
শাহজাহান ওমরকে দুর্নীতিতে সহযোগিতা করার অপরাধে তার স্ত্রী মেহজাবিন ফারজানাকে তিন বছর কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহজাহান ওমরের ছেলে আদনান ওমরকে এ মামলায় খালাস দেওয়া হয়েছে।
আসামিরা পলাতক রয়েছে। তাদের আত্মসমর্পণ অথবা গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়।
রায়ে আসামিদের অবৈধভাবে অর্জিত ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮০৩ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নিদের্শ দেওয়া হয়েছে।
গত বছরের ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ মেসবাহ উদ্দিন গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে পরস্পর যোগসাজশে ৪৬ লাখ ১৮ হাজার ৫০২ টাকার সম্পত্তির তথ্য গোপন করেন। একই সঙ্গে তারা ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮০৩ টাকার সম্পত্তি জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন।
তবে কমিশনের তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ২ কোটি ৬ লাখ ১৫ হাজার ৮০৩ টাকার সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে অর্জনের অভিযোগ আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৩৪৪ ঘ.
bdnews24