ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারির প্রায় ১৩ মাস পর সারাদেশে আবার ঘরোয়া রাজনীতি চালুর অনুমতি দিল সরকার। সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার থেকে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, "সংলাপ প্রক্রিয়ায় রাজনীতিকদের অংশগ্রহণ সহজতর করতে এবং আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিতে আমি আগামীকাল (মঙ্গলবার) থেকেই সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দিচ্ছি।"
এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর কেবল ঢাকা মহানগরীতে ঘরোয়া রাজনীতি শুরুর অনুমতি দেওয়া হয়েছিল।
সশস্ত্রবাহিনীর সমর্থনে ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। এরপরই রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থার আওতায় সভা-সমাবেশসহ সবধনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর জারি হয় নিষেধাজ্ঞা।
জরুরি অবস্থা জারির প্রথমদিকে দলগুলো বিভিন্ন উপলক্ষ ধরে সীমিতভারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৮ মার্চ ঘরোয়া রাজনীতির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দেয় সরকার। পরদিন দেশজুড়ে দলগুলোর কার্যালয়ে তালা লাগিয়ে দেয় পুলিশ।
৮ মার্চ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা প্রেসনোটে বলা হয়, 'জরুরি ক্ষমতা বিধিমালা, ২০০৭ এর বিধান অনুযায়ী দেশের সর্বত্র মিছিল, সভা-সমাবেশ ইত্যাদি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দল ঘরোয়াভাবে সভা-সমাবেশ আয়োজন বা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং সরকার এ ব্যাপারে নমনীয় মনোভাব প্রদর্শন করছিল।'
'বিভিন্ন রাজনৈতিক দল নমনীয়তার সুযোগের অপব্যবহার করছে'- উল্লেখ করে প্রেসনোটে বলা হয়, 'ফলে সংশ্লিষ্ট সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে, পরবর্তী ভিন্নতর কোনরূপ আদেশ না দেওয়া পর্যন্ত দেশের সর্বত্র ঘরোয়া রাজনীতিসহ সব ধরনের মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।'
এর প্রায় ছয় মাস পর ১০ সেপ্টেম্বর ঢাকা মহানগরীতে ঘরোয়া রাজনীতি শুরুর অনুমতি দেয় সরকার। আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেন, "আলোচনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সরকার আগামীকাল (সোমবার) থেকে ঘরোয়া রাজনীতির উপর বিধিনিষেধ তুলে নেবে। আমাদের প্রতিশ্র"তি অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নির্বাচনী আইন ও বিধিবিধানে সংস্কার আনা হবে।"
ওই ভাষণে সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কথা বলা হয়েছে ধরে নিয়ে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল। তবে পরে গেজেটের মাধ্যমে সরকার জানায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার কেবল ঢাকা মহানগরীর জন্যই প্রযোজ্য হবে।
ঢাকায় ঘরোয়া রাজনীতির ক্ষেত্রে শর্ত আরোপ করে ওই গেজেটে বলা হয়, 'ঘরোয়া বৈঠকে ৫০ জনের বেশি নেতাকর্মী উপস্থিত থাকতে হলে আগে থেকে সরকারের অনুমতি নিতে হবে। সেখানে আলোচনা করা যাবে কেবল নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে।'
এতে আরো বলা হয়, 'রাজনৈতিক দল অথবা তার অংশবিশেষ ঘরোয়া রাজনীতির সুযোগ পাবে, রাজনৈতিক দলগুলো চাইলে তাদের কার্যালয় খুলে দেওয়া হবে। তবে রাজপথে সমাবেশ, হরতাল, অবরোধ, ধর্মঘট, নৈরাজ্য সৃষ্টি করে এমন কর্মসূচি এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কোনো কর্মসূচি জরুরি বিধিমালার আলোকে নিষিদ্ধ থাকবে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএইচবি/২০৩২ ঘ.
bdnews24