২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার প্রতিশ্রুতি অনুযায়ীই কাজ করছে: বাউচারকে ফখরুদ্দীন

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার ও সেদেশের পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাস দমন বিভাগের সমন্বয়ক ডেল ডেইলি বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের বিস্তারিত জানান। যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধিকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আপনারা খুব গুরুত্বপূর্ণ সময়ে এসেছেন, যখন আমরা আমাদের প্রতিশ্রতি পালনে এগিয়ে যাচ্ছি; সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছি।" প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের কাজ চলছে। নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকার কাজ করছে। নির্বাচনে যাতে কালো টাকার দৌরাত্ম বা সন্ত্রাস না থাকে সে জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে নির্বাচন কমিশন। নির্বাচনী আইনের সংস্কারের কাজও চলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এ ব্যাপারে সরকারের ৫ উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। এর বাইরেও সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্কার পদক্ষেপ নেয়া হচ্ছে। বিচার বিভাগ পৃথক করা হয়েছে। সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার করা হয়েছে। মানবাধিকার কমিশন গঠনের কথাও ভাবা হচ্ছে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তার সরকার শান্তিপূর্ণভাবে পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর চায়। নতুন সরকার এসে বর্তমানে সংস্কার কর্মসূচিগুলো অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফাহিম মুনয়েম জানান, রিচার্ড বাউচার সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টাকে বলেছেন "আপনারা যেসব কাজ করছেন তা শুধু আগামী একটি নির্বাচন নয়, সব নির্বাচনেই প্রভাব রাখবে।" রাজনৈতিক দলগুলোর কি ধরনের সংস্কার চান- বাউচারের এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা যেভাবে চায় সেভাবেই সংস্কার হবে। যুক্তরাষ্ট্র কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ সরকারেকে সহায়তা করতে পারে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বাউচারকে বলেন, খাদ্য ও নারীসহ দেশের সামগ্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা বাংলাদেশের কাজে লেগেছে; আগামীতেও লাগবে। ফাহিম মুনয়েম জানান, বাংলাদেশের সন্ত্রাস দমন পদ্ধতিকে মডেল হিসেবে অ্যাখ্যায়িত করে এ ব্যাপারে সরকারের প্রশংসা করেন ডেল ডেইলি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। প্রধান উপদেষ্টা তাকে বলেন, সন্ত্রাস দমনে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। বেশ কিছু পুরনো মামলা পুনরুজ্জীবিত করা হয়েছে। আইন মেনেই এগুলো পরিচালনা করা হচ্ছে। মানি লন্ডারিং আইন করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যাক্ট প্রক্রিয়াধীন রয়েছে। অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, প্রধান উপদেষ্টার কার্যালয়েরে সচিব মো. কাজী আমিনুল ইসলাম ও প্রেস সচিব ফাহিম মুনয়েম এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/জেকে/এমএ/১৮৫১ ঘ.