ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার হাইকোর্টকে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার শাহদীন মালিক সাংবাদিকদের এই তথ্য জানান।
গত ৩০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা জানাতে ইসিকে মৌখিক আদেশ দেয় আদালত।
মঙ্গলবার হাইকোর্টে দেওয়া ইসির হলফনামায় বলা হয়েছে, ভোটার তালিকার শতকরা ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে।
তবে হলফনামায় ডিসেম্বরের কত তারিখে নির্বাচন হবে- তা বলা হয়নি।
ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের করা এক জনস্বার্থ-রিট আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট ইসির প্রতি রুল জারি করে।
একইসঙ্গে গত জাতীয় সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন না করার ব্যর্থতাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন, এর সচিব ও আইন সচিবের কাছে জানতে চায় আদালত।
সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ চেয়ে গত ২৪ জানুয়ারি মাসুদ রেজা সোবহান রিটটি দায়ের করেন।
৩০ এপ্রিল বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ এর ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু করেন। বুধবার এ বিষয়ে আবার শুনানি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২০৫ ঘ.
bdnews24