ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার আনোয়ার চৌধুরী সোমবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করেছেন।
সাক্ষাৎ শেষে আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে এটা ছিল তার বিদায়ী সাক্ষাৎ। আর জিল্লুর রহমান বলেন, শেখ হাসিনার মুক্তিসহ জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের তারিখ ঘোষণায় সরকারের কাছে আওয়ামী লীগের দাবির বিষয়টি তিনি যুক্তরাজ্যের হাইকমিশনারের কাছে তুলে ধরেন।
সকাল ১১টায় জিল্লুর রহমানের গুলশানের বাসায় যান আনোয়ার চৌধুরী। প্রায় ৪৫ মিনিট আলোচনা শেষে তারা বেরিয়ে আসার পর সাংবাদিকরা বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে জিল্লুর রহমান বলেন, "উনি আমার কাছে এসেছিলেন পার্টি প্রধান হিসেবে। সে হিসেবে আমার দল কী চায়, সেটা আমি উনাকে স্পষ্টভাবে বুঝিয়ে বলেছি।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "সরকারের কাছে আমাদের প্রথম দাবি হলো শেখ হাসিনার মুক্তি, দুই নম্বর দাবি হলো জরুরি আইন প্রত্যাহার, তৃতীয় দাবি হলো নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং চতুর্থ দাবি হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো। এ সব দাবি বাস্তবায়নে উনি (আনোয়ার চৌধুরী) সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।"
তবে যুক্তরাজ্যের হাইকমিশনার কিভাবে দাবি পূরণে সাহায্য করবেন- সে প্রশ্ন করা হলে জিল্লুর রহমান এড়িয়ে যান।
তিনি বলেন, "আমাদের অবস্থান হলো আমরা শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচনে যাব না।"
বৈঠকের বিষয়ে আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেন, "এটা ছিল আমার বিদায়ী সাক্ষাৎ। তবে আলোচনায় বিভিন্ন বিষয়ই উঠে এসেছে।"
শেখ হাসিনার মুক্তির বিষয়টিও জিল্লুর রহমান বৈঠকে তুলেছেন বলে আনোয়ার চৌধুরী জানান।
বাংলাদেশে দায়িত্ব পালন শেষে আনোয়ার চৌধুরী এ মাসের তৃতীয় সপ্তাহে ঢাকা ছাড়ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৪১০ ঘ.
bdnews24