ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাদেশ জারি করে নির্বাচনী আইন প্রণয়ন সংবিধান সম্মত হবে না বলে দাবি করেছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণে ইসির কার্যক্রমকেও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন তিনি। তার আশঙ্কা, এর কারণে নির্বাচন পেছাতে পারে। তিনি আবারও অভিযোগ করেছেন, দেশে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র চলছে।
খোন্দকার দেলোয়ার হোসেন রোববার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে তার বাসায় সাংবাদিকদের বলেন, "সরকার অর্ডিন্যান্স (অধ্যাদেশ) জারি করে নির্বাচনী আইন প্রণয়ন করতে যাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা সংবিধানবিরোধী।"
নির্বাচনী আইন সংশোধনের উদ্যোগকে 'রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণে আনার অপপ্রয়াস' বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনকে 'বিতর্কিত' আখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন, "নির্বাচন কমিশন জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তারা নীল নকশা বাস্তবায়নে কাজ করছে। সরকার ও নির্বাচন কমিশন নিজেদের পছন্দের প্রার্থী দিয়ে 'ইয়েসম্যান' অথবা একটি 'রবার স্ট্যাম্প' সংসদ তৈরি করতে পাতানো নির্বাচনের পাঁয়তারা চালাচ্ছে।"
নির্বাচনী আসন সীমানা পুনর্নির্ধারণে ইসির কার্যক্রমের সমালোচনা করে অ্যাডভোকেট দেলোয়ার বলেন, "এটা সংবিধান পরিপন্থী। সীমানা পুনর্নির্ধারণের ফলে কথিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনও বিঘি
bdnews24