২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আওয়ামী লীগের গণঅনশন সোমবার

শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর দাবিতে সোমবার রাজধানীতে গণঅনশন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 07:40 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর দাবিতে সোমবার রাজধানীতে গণঅনশন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে গণঅনশন কর্মসূচি পালিত হবে। সৈয়দ আশরাফুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসূচি পালনে সার্বিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সোমবারের গণঅনশন শেষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সৈয়দ আশরাফুল ইসলাম রোববার সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে কিছু সময় থেকে দলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল এবং উপ-দপ্তর সম্পাদক বি এম মোজাম্মেল হককে কর্মসূচির খুঁটিনাটি সব বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। অসীম কুমার উকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসূচি চলাকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের ভেতরের দুটি বড় কক্ষে কেন্দ্রীয় নেতারা অবস্থান করবেন। কার্যালয়ের বাইরের আঙিনায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ অবস্থান করবে। ঢাকা মহানগর আওয়ামী লীগসহ বাকি সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করবে। গত ২৩ এপ্রিল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক থেকে ২৯ এপ্রিল সারাদেশে প্রতীকী অনশন পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় গত ২৭ এপ্রিল সভাপতিমণ্ডলীর আরেক বৈঠক থেকে সারাদেশের পরিবর্তে ৫ মে শুধু ঢাকায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। গণঅনশন কর্মসূচি পালনের কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দেওয়া হয়। সেদিন সন্ধ্যায় দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা ৫ মে কর্মসূচি পালনের অনুমতি পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৪১ ঘ.