ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা-হাসিনাকে মুক্তি দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, "ওই নির্বাচনে যে দলই সরকার গঠন করবে, আমরা তাদের মেনে নেব।"
শনিবার বিকেলে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে রাজশাহীর বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে রাখা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ অতীতে বিভিন্ন সময়ে আইনজীবীরা জনগণের অধিকার আদায়ের সংগ্রামে পাশে দাঁড়িয়েছেন। আজ দেশে দুরবস্থা বিরাজ করছে। মানুষের মৌলিক অধিকার নেই। দ্রব্যমূল্য পরিস্থিতিতে মানুষের নাভিঃশ্বাস উঠেছে। এ অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ দীর্ঘায়িত হওয়ার সমালোচনা করে তিনি বলেন, "অনির্বাচিত সরকার দীর্ঘ সময় দেশ শাসন করতে পারে না। দুই নেত্রীকে মুক্তি দিন। এরপর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দল সরকার গঠন করবে, তাদের আমরা মেনে নেব।"
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজশাহী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট এনামুল হক ও মো. মূর্তজা রেজা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, জাহান পান্না, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/১৯১০ঘ.
bdnews24