ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রীকে মুক্তি দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের বসার প্রস্তাব দিয়েছে বিএনপির খোন্দকার দেলোয়ারপন্থী অংশ। এখনই জরুরি অবস্থা প্রত্যাহার ও দ্রুততম সময়ের মধ্যে সংসদ নির্বাচনেরও দাবি জানিয়েছে তারা।
সোমবার বিকেলে সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে প্রাক সংলাপ আলোচনার পর সাংবাদিকদের এ তথ্য জানান দেলোয়ারপন্থী অংশের প্রতিনিধি দলের সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান।
রাষ্ট্রীয় অতিথি ভবন 'মেঘনা'য় প্রায় দেড় ঘণ্টার বৈঠকে লিখিত বক্তব্যে প্রতিনিধিদলটি খালেদা জিয়া, শেখ হাসিনার মুক্তি ছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ সব 'রাজবন্দির' মুক্তি চেয়েছে। এছাড়া, রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, জরুরি বিধিমালা বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভর্তুকি প্রদান, বিচার বিভাগ-সাংবিধানিক প্রতিষ্ঠান-রাষ্ট্রীয় প্রশাসন-সংবাদপত্রের ওপর অযাচিত হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানানো হয়।
বিএনপি নেতারা গণমাধ্যমের উপস্থিতিতে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠানের প্রস্তাব দেন।
দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "অর্থবহ সংলাপ, গ্রহণযোগ্য নির্বাচন এবং সংলাপের সিদ্ধান্ত ভবিষ্যতে বাস্তবায়নের লক্ষ্যে আমরা অবিলম্বে দুই নেত্রীর মুক্তি চেয়েছি। আনুষ্ঠানিক সংলাপে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।"
প্রতিনিধি দলের সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, "দুই নেত্রীকে ছাড়া দেশে নির্বাচন করা কঠিন হবে। তাদের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।"
তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চেয়ারপারসনের উপদেষ্টা অবসপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, রিয়াজ রহমান, সহ সভাপতি এম কে আনোয়ার, অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
আ স ম হান্নান শাহ বলেন, "উপদেষ্টাদের আমরা জানিয়েছি, নির্বাচন কমিশন রোববার হাফিজউদ্দিনকে সংলাপে ডেকে প্রহসন করেছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরাই বিএনপির মূলধারার প্রতিনিধিত্ব করি।"
পরে বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "প্রাক সংলাপ শেষ হয়েছে। ৩০ এপ্রিল পুরো আলোচনার একটি প্রতিবেদন আমরা প্রধান উপদেষ্টা ও পরে উপদেষ্টা পরিষদের কাছে দেব। প্রাক সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে বলে আমরা মনে করি।"
সব রাজনৈতিক দল রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান চেয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "একইসঙ্গে রাজনৈতিক ক্ষেত্রে গুণগত পরিবর্তনের বিষয়েও তারা একমত পোষণ করেছে।"
সোমবার বিএনপির দেলোয়ারপন্থী অংশ ছাড়াও মাওলানা আবদুর রব ইউসুফীর নেতৃত্বে খেলাফত মজলিশ, মাওলানা শাহ আহমেদুল্লাহর নেতৃত্বে খেলাফত আন্দোলন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ, খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদ ও শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির (জেপি) প্রতিনিধিদলের সঙ্গে উপদেষ্টাদের সঙ্গে প্রাক সংলাপ আলোচনা হয়।
ড. হোসেন জিল্লুর রহমান ছাড়া অন্য চার উপদেষ্টা হলেন, আনোয়ারুল ইকবাল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের ও ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
গত ৭ মার্চ থেকে এই প্রাক সংলাপ আলোচনা শুরু হয়। ২১ দিনে বিএনপির দুই অংশ ও আওয়ামী লীগসহ ২৪টি রাজনৈতিক দল এবং তিনটি সংগঠনের সঙ্গে উপদেষ্টাদের আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/২১২৭ ঘ.
bdnews24