২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে হতে পারে: ইনু

স্থানীয় সরকার নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। প্রয়োজনে দুই নির্র্বাচন একইসঙ্গে করা যেতে পারে বলে মত দিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন । বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট ও দৈনিক ভোরের কাগজ 'জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতা' শীর্ষক এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। প্রয়োজনে দুই নির্র্বাচন একইসঙ্গে করা যেতে পারে বলে মত দিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন । বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট ও দৈনিক ভোরের কাগজ 'জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতা' শীর্ষক এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে। ইনু বলেন, "স্থানীয় সরকারর নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। প্রয়োজনে দুটোই একসঙ্গে করা যেতে পারে। সাধারণ জনগণ এখন অনেক সচেতন, ভোট দেয়ার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না।" তিনি বলেন, "স্থানীয় সরকার ব্যবস্থারও সংস্কার প্রয়োজন। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা রাজনৈতিক নেতা ও প্রশাসনের তল্পিবাহক হিসেবে কাজ করতে বাধ্য থাকে। এটা এড়াতে তাদের মর্যাদা ও ক্ষমতা বাড়াতে হবে।" মূল প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, "স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে না পরে, তা মূখ্য বিষয় নয়। যত তাড়াতাড়ি সম্ভব আইনগতভাবে নির্বাচন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।" আওয়ামী লীগের সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান বলেন, "সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন পরিচালনার এখতিয়ার এ সরকারের নেই। নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।" ফারুক খানের বক্তব্যের জবাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের বলেন, "জনগণের কল্যাণের জন্যই সংবিধান তৈরি করা হয়েছে। তাই সাধারণ মানুষের মঙ্গলের কথা ভেবে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন জরুরী।" নরসিংদী থেকে আসা ইউনিয়ন পরিষদ সদস্য নার্গিস আক্তার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে বলেন, "সাংসদরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের মনোনীত প্রতিনিধিকেই নির্বাচিত করার চেষ্টা করেন। সরকার বা জনগণ- কারও জন্যই এটা মঙ্গলজনক নয়।" বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোটের সভাপতি মাহাবুবুর রহমান টুলুর সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ইউনিয়ন পরিষদ ঐক্যজোটের কো-চেয়ারম্যান আবুল হোসেন খানসহ জোট নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আসা স্থানীয় প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএ/১৮৪৪ঘ.