ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলামকে শুক্রবার কারাগারে পাঠিয়েছে আদালত।
খালেদা জিয়ার শাসনামলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই সচিবকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। দুর্নীতির মাধ্যমে তিনটি গ্যাস ক্ষেত্র নাইকো কোম্পানিকে তুলে দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি।
খন্দকার শহীদুল ইসলামকে শুক্রবার বিকালে ঢাকার মহানগর হাকিম এমরান হোসেন চৌধুরীর আদালতে হাজির করে ধানমণ্ডি থানা পুলিশ। গ্রেপ্তারের পর দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা তাকে ধানমন্ডি থানায় সোপর্দ করে।
অভিযুক্তের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান, ফয়েজ আহমেদ ও শামসুজ্জামান আদালতে তার জামিনের আবেদন করেন। খন্দকার শহীদুল হৃদরোগে আক্রান্ত জানিয়ে তার চিকিৎসার কাগজপত্রও আদালতে দাখিল করেন আইনজীবীরা।
তারা বলেন, মামলার প্রাথমিক বিবরণীতে খন্দকার শহীদুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অপরাধের কথা উল্লেখ নেই।
জামিনের বিরোধিতা করেন আদালত পরিদর্শক মুন্সি রুহুল কুদ্দুস।
বিচারক জামিনের আবেদনটি নতিভুক্ত করেন। তবে এ বিষয়ে কোনও আদেশ দেননি। একই সঙ্গে খন্দকার শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে কারাবিধি অনুযায়ী সংশ্লিষ্ট আসামির সুচিকিৎসা ও ডিভিশনের বিষয়টি নিষ্পত্তি করতে বলেন।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গত ৯ ডিসেম্বর আলাদা দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
মামলা দুটির বাদি কমিশনের উপ-পরিচালক মাহাবুবুল আলম।
একটি মামলায় খালেদা জিয়া ছাড়া অপর আসামিরা হলেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হেসেন, সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এর মধ্যে কাশেম শরীফ ছাড়া অন্যরা কারাগারে রয়েছেন।
ক্যানাডার কোম্পানি নাইকো ১৯৯৭ সালে প্রথম এ দেশে তেল-গ্যাস ক্ষেত্রে কাজ করার আবেদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এমআই/১৬৪৩ ঘ.
bdnews24