ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তির দাবিকে আন্তর্জাতিক দাবিতে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তি দাবিতে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের গণস্বাক্ষর অভিযান উদ্বোধনের সময় আমু এ আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা 'সুচিকিৎসা'র জন্য শেখ হাসিনাকে বিদেশ পাঠানোর আহ্বান জানান। পাশাপাশি এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করেন তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কোনও সিদ্ধান্ত এ মুহূর্তে সরকারের নেই।
হাসিনাকে কারামুক্ত করতে গণস্বাক্ষর অভিযান সফল করার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, "এ ধরনের সচেতনতামুলক কর্মসূচি সফল করে শেখ হাসিনার মুক্তির বিষয়কে জাতীয় ও আন্তর্জাতিক দাবিতে পরিণত করতে হবে।"
তিনি বলেন, "যাদের কারণে দেশে ওয়ান-ইলেভেন এসেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেলে পুরে রাখা হয়েছে।"
আমু সরকারের সমালোচনা করে বলেন, "এরা শুধু কানেই কম শোনে না, জেগে জেগেও ঘুমায়। আর যারা জেগে জেগে ঘুমায় তাদের চোখে পানি ছিটিয়ে জাগানো যাবে না; বঙ্গোপসাগরে নিয়ে চুবাতে হবে।"
শেখ হাসিনাকে বিদেশ পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে আব্দুর রাজ্জাক বলেন, "সরকারের দ্বিমুখী নীতি মানুষ ধরে ফেলেছে। অবিলম্বে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে মানুষ বেশি দিন সহ্য করবে না। ভালোয় ভালোয় তার মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করলে সরকার ও দেশের জন্য মঙ্গল হবে। দেশে সুষ্ঠু নির্বাচন হবে।"
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলতে হবে, শেখ হাসিনার মুক্তি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সত্য, নাকি প্রাক-সংলাপে চার উপদেষ্টার বক্তব্য সত্য। যদি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সত্য হয়, তাহলে সংলাপ অর্থহীন হয়ে তা প্রলাপে পরিণত হবে।"
তোফায়েল আহমেদ বলেন, "দেশের এই রাজনৈতিক অস্থিতিশলীয়তায় শেখ হাসিনার মুক্তির বিকল্প নেই। আমরা জরুরি আইনের মধ্যে ঘরোয়াভাবে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করে যাচ্ছি। অবিলম্বে তার মুুক্তি দেওয়া না হলে আন্দোলন আর ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তা রাজপথে ছড়িয়ে পড়বে।"
মতিয়া চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, "যে, যে ভাষা বোঝে তাকে সে ভাষাতেই জনগণ জবাব দেবে।"
জামিনে মুক্তি গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার মুক্তির বিষয়ে সরকার তাও হরণ করেছে।
মতিয়া চৌধুরী জামিনের বিধান স্পষ্ট করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জনগণের দাবি যদি উপেক্ষিত হয়, সরকার যদি গণতন্ত্রের ভাষা না বোঝে; তবে জনগণ গণআন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনাকে মুক্ত করে সরকারকে সে ভাষা বুঝিয়ে দেবে।"
কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর আমির হোসেন আমু স্বাক্ষর করে যুবলীগের কর্মসূচি উদ্বোধন করেন। পরে উপস্থিত নেতারা এতে স্বাক্ষর করেন।
যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মীজানুর রহমানসহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুবলীগ নেতা হারুনুর রশীদ, ফারুক হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, ইসমাইল হোসেন, মজিবুর রহমান চৌধুরী ওই সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এমআই/১৫৩২ ঘ.
bdnews24