ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নাইকো দুর্নীতি মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ধানমণ্ডি থানায় হস্তান্তর করে দুদক।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত নাইকো মামলায় দুনীতি দমন কমিশন বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে ধানমণ্ডি থানায় হস্তান্তর করেছে।"
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খন্দকার শহীদুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার পাঁচ আসামির একজন। দুদকের উপ--পরিচালক মাহাবুবুল আলম বাদী হয়ে গত ৯ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।
এই মামলায় অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হেসেন, এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
ক্যানাডার কোম্পানি নাইকো ১৯৯৭ সালে প্রথম এ দেশে তেল-গ্যাসক্ষেত্রে কাজ করার আবেদন করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২১৩৪ ঘ.
bdnews24