ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে প্রাক সংলাপ আলোচনায় খালেদা জিয়ার মুক্তি চেয়েছে বিএনপির 'সংস্কারপন্থীরা'। রাজনীতির ক্ষেত্রে গুণগত পরিবর্তনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য একটি আচরণ বিধি প্রণয়নের পরামর্শও দিয়েছে তারা। আর উপদেষ্টাদের তরফে বলা হয়েছে, আলোচনা ফলপ্রসূ। অন্যদিকে এ সংলাপের বিষয়ে বিএনপির অপর অংশের নেতা খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, মূল বিএনপিকে বাইরে রেখে এ সংলাপ দুঃখজনক।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় তত্ত্বাবধায়ক সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশের সাত নেতা।
দুপুর সাড়ে ১২টা থেকে দেড় ঘণ্টার ওই বৈঠকে উপস্থিত ছিলেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ও শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় অংশ নেন অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ, দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা জেড এ খান, এ এইচ এম মোফাজ্জল করীম, সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ,সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক ও সাবেক সাংসদ ফজলুল আজিম।
সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রস্তুতিমূলক এ আলোচনায় খালেদা জিয়ার মুক্তিসহ জরুরি অবস্থা প্রত্যাহার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপির 'সংস্কারপন্থীরা'।
বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতা মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "প্রাক সংলাপ এ আলোচনা সঙ্কট উত্তরণে ভূমিকা রাখবে। নির্বাচনের পরও যেন ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি না হয়, সে সম্পর্কে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা আমাদের পরামর্শ দিয়েছি।"
বিএনপির দুই অংশের ঐক্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বিএনপির যে অনৈক্য খালেদা জিয়ার নেতৃত্বে তার সমাধান অচিরেই হয়ে যাবে।"
বৈঠকের আলোচনার বিষয়ে হাফিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে আমরা বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে। উপদেষ্টারা আমাদের আশ্বস্ত করেছেন, রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।"
দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়াসহ রাজনৈতিক দলগুলোর জন্য পালনীয় একটি 'আচরণবিধি' প্রণয়নের পরামর্শও বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে হাফিজউদ্দিন জানান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়েই ওই আচরণ বিধি প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়।
শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৈঠককে সফল আখ্যায়িত করে বলেন, "বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে আমাদের সফল প্রাক সংলাপ হয়েছে। সংলাপ অনুষ্ঠানের লক্ষ্যে একটি আস্থার পরিবেশ তৈরি করতে আমরা এই বৈঠকে বসেছি। বৈঠককে ফলপ্রসূ বলতে চাই।"
বৈঠকের আলোচনার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, "সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক আচরণ বিধি প্রণয়নসহ আনুষ্ঠানিক সংলাপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি, ঘোষিত রোডমাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় সরকার।"
আচরণ বিধি প্রণয়নের পরামর্শকে একটি ভালো প্রস্তাব অভিহিত করে হোসেন জিল্লুর বলেন, "রাজনৈতিক দলের ভেতরে গুণগত পরিবর্তনের জন্য একটা ম্যাগনাকার্টার মতো উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে আমরা একমত পোষণ করি।"
তিনি জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে যেগুলোর মেয়াদ পেরিয়ে গেছে, সেগুলোতে নির্বাচনের বিষয়টিতে বিএনপি নেতারা মত দিয়েছেন। নির্বাচনের বিষয়টিতে বিএনপি নেতারা একমত পোষণ করেছেন। উপজেলা নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তও তারা মেনে নেবেন বলে জানিয়েছেন।
এর আগে সকালে সংস্কারপন্থীদের নেতা এম সাইফুর রহমানের গুলশানের বাসায় এক বৈঠকে সরকারের সঙ্গে প্রাক সংলাপে বসার সিদ্ধান্ত নেয় বিএনপির 'সংস্কারপন্থী' অংশ। সে বৈঠকের পর প্রতিনিধি দলটি আলোচনায় বসতে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনার উদ্দেশে রওনা হয়।
প্রাক সংলাপ আলোচনার জন্য গত মঙ্গলবার বিএনপির উভয় অংশের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন উপদেষ্টারা। তবে খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন বিএনপির অপর অংশ সরকারের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি।
বিএনপির একাংশের সঙ্গে সরকারের সংলাপের বিষয়ে প্রতিক্রিয়ায় দলের খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "মূল বিএনপিকে বাইরে রেখে এ সংলাপ দুঃখজনক।"
সরকারের সঙ্গে সংলাপের বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরেই সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় বৈঠক করেন বিএনপির এ অংশের নেতারা।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত সপ্তাহে সংলাপের প্রস্তুতিমূলক আলোচনা শুরু করে সরকার। ইতোমধ্যে আওয়ামী লীগের সঙ্গে দুই দফায় আলোচনায় বসেছেন উপদেষ্টারা। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গেও আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচডি/এমআই/১৬৩৯ ঘ.
bdnews24