ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষের প্রথম দিন সোমবার সকালে কারাবন্দি সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে পান্তা-ইলিশ পরিবেশন করেছে কারা কর্তৃপক্ষ।
কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কারাগারের অন্যান্য সব বন্দির মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকেও সকালে পান্তা-ইলিশ পরিবেশন করা হয়েছে। এছাড়া বিশেষ দিন উপলক্ষে তাদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে দেয়া খাবারও গ্রহণ করা হবে।''
তিনি জানান, সকালে শেখ হাসিনার ফুফু খাদিজা হোসেন তার সঙ্গে দেখা করেছেন। এছাড়া শেখ হাসিনার সঙ্গে বিকেল চারটায় তার আরো কয়েকজন আত্মীয়-স্বজনের দেখা করেছেন। অন্যদিকে খালেদা জিয়ার সঙ্গে তার পুত্র বধুরা দেখা করেন বিকেল সাড়ে তিনটায়।
কারাবন্দি দুই নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, "উনারা দুজনেই সুস্থ আছেন।"
এদিকে বিএনপি ও আওয়ামী লীগের একদল নেতা-কর্মী সকালে সংসদ ভবন প্রাঙ্গণে কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুই নেত্রীকে নববর্ষের শুভেচ্ছা হিসেবে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী পৌঁছে দেন।
কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে রোববার রাতেই কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে ফুল দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আবদুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অসীম কুমার উকিল, মহানগর সভাপতি আবুদল আজিজ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামসহ নেতা-কর্মীরা সমবেত হয়ে শেখ হাসিনার জন্য নববর্ষের পুস্পস্তক কারা সুপারের মাধ্যমে পৌঁছে দেন।
এর পরই সকাল ১১ টায় বিএনপির সহসভাপতি বেগম সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, সাবেক সাংসদ শিরিন সুলতানা, সাইমুম বেগমসহ মহিলা দলের নেতৃবৃন্দ ও মহিলা ওয়ার্ড কমিশনার খালেদা জিয়ার জন্য পুস্পস্তবক, ফলমূল ও বই কারাকর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছে দেন।
সারোয়ারি রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আমাদের ম্যাডাম কারাগারে। তাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছি। নববর্ষের দিনে আমাদের দাবি- আমাদের নেত্রীসহ শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি দিন।''
শামসুল হায়দার ছিদ্দিকী জানান, নববর্ষ উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ হাজার বন্দির জন্য ২০ মন ইলিশ এবং পান্তা ভাতের ব্যবস্থা করা হয়। এছাড়া নববর্ষ উপলক্ষে কারাগারের ভেতরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এ অনুষ্ঠানে বন্দিরা নাচ-গান, কবিতা আবৃত্তি এবং নাটক উপস্থাপন করবেন।
এছাড়া বিশেষ এই দিন উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিরা 'দিশারী' নামে একটি দেয়াল পত্রিকাও প্রকাশ করেছে। দেয়াল পত্রিকাটিতে কারাবন্দি ভিআইপিরাও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএম/আরএ/জিএনএ/১৩৪২ঘ.
bdnews24