২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুই অংশের সঙ্গে সংলাপ করতে চাইলে ভুল করবেন: গয়েশ্বর

বিএনপির পক্ষে সংলাপে অংশ নেওয়ার অধিকার একমাত্র খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন অংশের- এ দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি হিসাবে দুই অংশের সঙ্গে সংলাপ করতে চাওয়াটা হবে ভুল সিদ্ধান্ত। কারাবন্দি দুই নেত্রীর অংশ গ্রহণ ছাড়া সংলাপ সফল হবে না বলেও মনে করেন তিনি। দলের অপর অংশের নেতা হাফিজউদ্দিন আহমেদের ঐক্যের আহ্বানও নাকচ করেছেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির পক্ষে সংলাপে অংশ নেওয়ার অধিকার একমাত্র খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন অংশের- এ দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি হিসাবে দুই অংশের সঙ্গে সংলাপ করতে চাওয়াটা হবে ভুল সিদ্ধান্ত। কারাবন্দি দুই নেত্রীর অংশ গ্রহণ ছাড়া সংলাপ সফল হবে না বলেও মনে করেন তিনি। দলের অপর অংশের নেতা হাফিজউদ্দিন আহমেদের ঐক্যের আহ্বানও নাকচ করেছেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। গয়েশ্বর চন্দ্র রায় রোববার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে সাবেক সাংসদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের বাসায় সাংবাদিকদের বলেন, "খোন্দকার দেলোয়ার হোসেনই বিএনপির বৈধ মহাসচিব। সংলাপে বসতে তাকে চিঠি না দেওয়া হলে বুঝতে হবে, সরকার ও নির্বাচন কমিশন বিএনপিকে দ্বিখণ্ডিত করার নীতি নিয়েছে। এটা করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না।" সংলাপের আমন্ত্রণ জানিয়ে হাফিজউদ্দিন আহমেদকে পাঠানো নির্বাচন কমিশনের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন গত বৃহস্পতিবার হাইকোর্ট খারিজ করে দেয়। এর ফলে ওই চিঠি বৈধতা পেয়েছে। এ প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, "আদালত কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব নির্ধারণ করতে পারে না।" সংলাপে বসতে দুই অংশকে আমন্ত্রণ জানানো হলে কী করবেন- জানতে চাইলে বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব গয়েশ্বর বলেন, "সরকার কিংবা নির্বাচন কমিশন দলের দুই অংশের সঙ্গে সংলাপ করতে চাইলে তা হবে ভুল সিদ্ধান্ত। অতীতে নির্বাচন কমিশন ভুল ঠিকানায় চিঠি দিয়েছিল। তারা যদি দেশের বৃহত্তম দল বিএনপির সঙ্গে সংলাপ করতে চায়, তবে অবশ্যই খোন্দকার দেলোয়ারকে চিঠি দিতে হবে। নইলে সেই সংলাপ বিএনপির সঙ্গে হবে না।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাক সংলাপ আলোচনা সরকার ইতোমধ্যে শুরু করেছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা হয়েছে। গত মঙ্গলবার বিএনপির দুই অংশের সঙ্গে যোগাযোগ করেন উপদেষ্টারা। কারাবন্দি দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দাবি করে গয়েশ্বর রায় বলেন, "সরকার যদি সংলাপ সফল করতে চায়, তাহলে অবশ্যই সংলাপে দুই নেত্রীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। দুই নেত্রীর মুক্তিই কেবল সংলাপের পরিবেশ সৃষ্টি করতে পারে। তাদের ছাড়া সংলাপ হলে কোনও ইতিবাচক ফল আসবে না; বরং দেশে অস্থিরতা বাড়বে।" সংলাপে বাসার বিষয়ে স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদের ঐক্যের আহ্বান নাকচ করে গয়েশ্বর রায় বলেন, "মেজর হাফিজ কে? তাকে দলের সহসভাপতি হিসেবেই নেতা-কর্মীরা চেনে। এর বাইরে তাকে কেউ মানে না।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে ছিলেন সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, নাজিম উদ্দিন আলম, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্রদল নেতা তকদীর মো. জসিম উদ্দিন, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৭ ঘ.