ঢাকা, এপ্রিল ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিতে ঐক্য ফিরিয়ে আনতে আবারো দেলোয়ারপন্থী নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানালেন স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তবে ঐক্যের ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বনানীর বাসায় জাতীয়তাবাদী যুব দলের এক দল নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে এলে মেজর হাফিজ এসব কথা বলেন।
তিনি বলেন, "উচ্চতর আদালতে রায়ের পর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার চিঠি আমরাই পাব। তবে খোন্দকার দেলোয়ার হোসেনসহ সিনিয়র নেতাদের নিয়েই আমরা বসতে চাই।"
খোন্দকার দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনি কি পকেট কমিটি বাদ দিয়ে নির্বাচিত কমিটি চান? সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তার উদ্দেশ্য দলের ভেতরে গণতন্ত্র চর্চা নিশ্চিত ও নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এরকম সংস্কার দাবি করা অপরাধের কিছু নয়।"
তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বেই অংশ নেবে।
এক্ষেত্রে খোন্দকার দেলোয়ারসহ স্থায়ী কমিটির সব সদস্যকে ভূমিকা পালনেরও আহবান জানান মেজর হাফিজ।
দলে ঐক্য ফিরিয়ে আনতে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন উল্লেখ করে হাফিজ বলেন, "সাইফুর রহমান খোন্দকার দেলোয়ারসহ সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও ঐক্যের ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।"
বিএনপি ক্ষমতায় থাকাকালে দলের কিছু নেতার কারণে ভাবমূর্তি ক্ষুণ
bdnews24