ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে প্রাক সংলাপে অংশ নিতে সাত সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে আওয়ামী লীগ।
শনিবার দলের সভাপতিমণ্ডলীর সভায় এ প্রতিনিধি দল গঠন করা হয় বলে সভা শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান।
দলের সদস্যরা হচ্ছেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফুল ইসলাম।
গুলশানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় বৈঠকে সংলাপসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "সরকারের সঙ্গে সংলাপে বসতে আমাদের ৭ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আমরা সরকারের সঙ্কেতের অপেক্ষায় আছি। সময় ও স্থান চূড়ান্ত হলে এবং সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলেই আমরা প্রাক সংলাপ আলোচনায় যোগ দেব।"
প্রাক সংলাপ বৈঠক কবে হচ্ছে- জানতে চাইলে সৈয়দ আশরাফুল বলেন, "সরকারের সঙ্গে আমাদের আলোচনা তো চলছে। আপনারা অপেক্ষা করুন; আজ (শনিবার) সন্ধ্যার মধ্যে ভালো কিছু শুনতে পারবেন।"
এর আগে গত সোমবার সংলাপ নিয়ে সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেন চার আওয়ামী লীগ নেতা। তা নিয়ে দলের অভ্যন্তরে মতভেদ দেখা দিলে দলটি সিদ্ধান্ত নেয়, আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র না পেলে তারা কোনও ধরনের আলোচনায় যাবেন না।
সৈয়দ আশরাফুল আশা প্রকাশ করেন, চূড়ান্ত সংলাপে তারা দলীয় প্রধান শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই অংশ নিতে পারবেন।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারী থানা আক্রমণের ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত অভিযোগ করে আশরাফুল ইসলাম এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "শুক্রবার সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াত ইসলামীই জড়িত। ৮ থেকে ১০টা সংগঠন ওই ঘটনায় জড়িত যাদের সঙ্গে জামায়াতে ইসলামীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে।"
সৈয়দ আশরাফুল আরও বলেন, "জরুরি অবস্থার মধ্যে এ ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরও সরকার মৌলবাদীদের বিরুদ্ধে কার্যকর কোনও ব্যবস্থা নিচ্ছে না। এতে করে জনগণের মনে সন্দেহ জাগতে পারে, সরকারই এদের সমর্থন দিচ্ছে কিনা।"
কারাবন্দি শেখ হাসিনার 'সুচিকিৎসা'র দাবি জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ব্যক্তি নন। তাকে বিদেশ পাঠানো হলে চিকিৎসা শেষে দেশে ফিরে উনি আবার আইনের মুখোমুখি হবেন।"
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে সৈয়দ আশরাফুল বলেন, "সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই এ অবস্থা। আগামীতে আরও বড় কিছু ঘটে যেতে পারে।"
তিনি মন্তব্য করেন, "পিএইচডিধারী বিশ্বব্যাংকের কেরানী দিয়ে দেশ চলতে পারে না।"
খোলাবাজারে চাল বিক্রিও পর্যাপ্ত নয় জানিয়ে সৈয়দ আশরাফুল বলেন, "আমাদের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী শনিবার পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ওএমএস'র চাল পাননি।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচিও চূড়ান্ত করা হয়েছে বলে আশরাফুল ইসলাম জানান।
দিবসের মূল অনুষ্ঠান হবে মেহেরপুরে। এতে আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমদ প্রতিনিধিত্ব করবেন। এছাড়া ওইদিন সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।
জিল্লুর রহমানের সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/আরএ/এমআই/১৫১৬ ঘ.
bdnews24