ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, সরকার জনগণের কথা শুনছে না; তাই একটাই পথ, তা হলো রাজপথ।
শুক্রবার আওয়ামী সমর্থক চিকিৎসকদের দিনব্যাপী অনশন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। একই কর্মসূচিতে বক্তব্যে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সরকারের সংলাপে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে বসবে না আওয়ামী লীগ।
শেখ হাসিনার 'সুচিকিৎসা' নিশ্চিত ও মুক্তি দাবিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আহ্বানে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টায় শুরু হয়ে কর্মসূচি চলে বিকাল ৫টা পর্যন্ত। আমির হোসেন আমু ফলের রস খাইয়ে চিকিৎসকদের অনশন ভঙ্গ করান।
আমির হোসেন আমু বলেন, "নেত্রীর (শেখ হাসিনা) কানের অসুখের চেয়ে সরকারের কানের অসুখ অনেক বেশি। তারা (সরকার) জনগণের কথা শুনতে পাচ্ছে না। তাদের চিকিৎসার একটাই পথ, তা হলো রাজপথ। তারা যদি মনে করেন তাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে; তাহলে তারা এখন যেভাবে চালাচ্ছেন সেভাবে চালিয়ে যেতে পারেন। না হলে নেত্রীকে মুক্তি দিক।"
আওয়ামী লীগ সরকারের সঙ্গে আলাদা বসতে চায় জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সংলাপে বসবে না আওয়ামী লীগ।"
শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে দলের কেন্দ্রীয় কমিটির পরবর্তী বৈঠক থেকে দেশব্যাপী গণঅনশনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
হাসিনাকে চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি সরকারের উদ্দেশে বলেন, "আমাদের অন্য কোনও পথ বেছে নিতে বাধ্য করবেন না।"
এর আগে দুপুরে অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, "দেশের অবস্থা ভয়াবহ। একটি অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের মঙ্গল হয় না।"
এ মাসেই শেখ হাসিনাকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাচিপের দিনব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৩১ ঘ.
bdnews24