ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের অপর অংশের নেতাদের নিয়েই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসতে চান বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ।
সংলাপের চিঠি নিয়ে মামলায় নিজের পক্ষে রায় হওয়ার একদিন পর শুক্রবার হাফিজউদ্দিন এ কথা জানিয়েছেন।
দলীয় প্রধান খালেদা জিয়াকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখারও জন্যও অপর অংশের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আদালতের রায়ের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এতে কোনও পক্ষের নয়, বিএনপি ও সংস্কারেরই বিজয় হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের এক দল নেতাকর্মী শুক্রবার দুপুরে বনানীতে হাফিজউদ্দিনের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। ওই সময় ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে সংলাপে ঐক্যবদ্ধভাবে যেতে নিজের আগ্রহের কথা জানান তিনি।
হাফিজউদ্দিন বলেন, "আমি খোন্দকার দেলোয়ার, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়সহ সব সিনিয়র নেতাদের নিয়েই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যেতে চাই। দলকে ঐক্যবদ্ধ করতে আমাদের উদ্যোগ ও আলোচনা চলছে। ঐক্যের ব্যাপারে আমি আশাবাদী।"
দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে সব কিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে অস্থায়ী মহাসচিব বলেন, "খালেদা জিয়া আমাদের সবার নেত্রী। তাকে সবকিছুর উর্ধ্বে রাখতে হবে। কমিশনের চিঠি সংক্রান্ত মামলায় ম্যাডামকে টেনে আনার দরকার ছিল না। সংক্ষুব্ধ খোন্দকার দেলোয়ার সাহেবই মামলায় পক্ষ হতে পারতেন।"
বৃহস্পতিবার হাইকোর্টে নির্বাচন কমিশনের চিঠি সংক্রান্ত মামলার রায়কে 'বিএনপি ও সংস্কারের বিজয়' মন্তব্য করে হাফিজউদ্দিন বলেন, "উচ্চ আদালতের রায়ে কোনও পক্ষেরই জয়-পরাজয় নেই। তবে এ রায়ের মাধ্যমে আইনের চোখে, নেতা-কর্মী ও জনগণের কাছে প্রকৃত মহাসচিব কে- তা প্রকাশ পেয়েছে।"
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকার সময়ে কিছু নেতার জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24