২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিঠি পাঠাতে যত দেরি হবে, সংলাপ ততই পিছিয়ে যাবে: সুরঞ্জিত

সংলাপের অনানুষ্ঠানিক আলোচনার আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শুক্রবার বলেছেন, এক্ষেত্রে সরকার যত দেরি করবে, সংলাপ ততই পিছিয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 06:42 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপের অনানুষ্ঠানিক আলোচনার আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত শুক্রবার বলেছেন, এক্ষেত্রে সরকার যত দেরি করবে, সংলাপ ততই পিছিয়ে যাবে। সংলাপে দলীয় প্রধান কারাবন্দি শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি। সংলাপের প্রস্তুতিমূলক আলোচনায় গত সোমবার কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করেন পাঁচ উপদেষ্টা। সে বৈঠক নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরে মতভেদ দেখা দেয়। এরই মধ্যে আওয়ামী লীগের সঙ্গে আবার বসতে বুধবার সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। কিন্তু ওইদিনই দলটির সভাপতিমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার আনুষ্ঠানিক আমন্ত্রণ না জানালে তারা কোনও অনানুষ্ঠানিক আলোচনায়ও অংশ নেবেন না। সরকার ইতোমধ্যে জাতীয় পার্টি (এরশাদ) ও জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপের প্রস্তুতিমূলক আলোচনা করেছে। যোগাযোগ করা হয়েছে বিএনপির দুই অংশের সঙ্গেও। সুরঞ্জিত সেনগুপ্ত শুক্রবার সকালে তার জিগাতলার বাসায় সাংবাদিকদের বলেন, "প্রাক সংলাপ বৈঠকের জন্য আমাদের কাছে আনুষ্ঠানিক কোনও আমন্ত্রণপত্র আসেনি। তারা (উপদেষ্টা) টেলিফোনে কথা বলছেন। রেলভবনে কথা বলছেন। তা হলে আমন্ত্রণপত্র পাঠাতে এত সংশয় কেন?" তিনি বলেন, "সরকার যদি আন্তরিক হয়, তা হলে আনুষ্ঠানিকভাবে আমাদের আমন্ত্রণপত্র পাঠাক। তারা যত দেরি করবে, সংলাপ তত পিছিয়ে যাবে। সরকার তাদের সদিচ্ছা পূরণ করার লক্ষ্যে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করে দিতে পারে।" সংলাপে শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সংলাপ সফল করতে হলে শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সেটা কেবল পারে সরকার। উচ্চ আদালতের জামিন দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া হলেই নেত্রী জামিন পাবেন।" আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য আশা প্রকাশ করেন, আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তার দল দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সুরঞ্জিত সেনগুপ্ত শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর দেওয়ার মাধ্যমে ৪৮ নম্বর ওয়ার্ডে ওই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনার মুক্তিসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, জরুরি অবস্থা প্রত্যাহার ও জাতীয় নির্বাচনের দ্রুত করার দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীতে পক্ষকালব্যাপী গণস্বাক্ষর অভিযানর কর্মসূচি পালন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৩৭ ঘ.