২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সঙ্কটে গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক সরকার কোনো বিষয় নয়: ফখরুদ্দীন

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না থাকার সঙ্গে খাদ্য সঙ্কটের কোনো যোগাযোগ নেই। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও আলীগঞ্জে বিডিআর ও ওএমএস এর বিভিন্ন চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না থাকার সঙ্গে খাদ্য সঙ্কটের কোনো যোগাযোগ নেই। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও আলীগঞ্জে বিডিআর ও ওএমএস এর বিভিন্ন চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশে অগণতান্ত্রিক সরকার থাকায় খাদ্য সঙ্কট তৈরি হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "এক্ষেত্রে গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক সরকার মূখ্য বিষয় নয়। নির্বাচিত সরকার থাকার পরও পৃথিবীর অনেক দেশে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।" রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ সবাই মিলে চেষ্টা করলে এ সঙ্কট মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, বোরো ধান না ওঠা পর্যন্ত ভিজিএফ, ভিজিডি, কাবিটা ও ওএমএস প্রকল্পের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এসব প্রকল্পের আওতায় ১ কোটি ৮০ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা বিভিন্ন বিক্রয় কেন্দ্রে চাল কেনার জন্য লাইনে দাঁড়ানো ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ক্রেতারা চালের সরবরাহ ও জনপ্রতি চালের পরিমাণ বাড়ানোর জন্য তাকে অনুরোধ করেন। চাল বিক্রির ক্ষেত্রে সমন্বয়হীনতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রধান উপদেষ্টা সরবরাহ বাড়ানোর ব্যাপারে ক্রেতাদের আশ্বাস দেন। ওএমএস প্রকল্পে চালের সরবরাহ 'অপ্রতুল' মন্তব্য করে ফখরুদ্দীন আহমদ বলেন, "আমাদের লক্ষ্য চালের সরবরাহ ও বিক্রির ক্ষেত্রে দক্ষতা বাড়ানো। তা করা গেলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।" নারায়ণগঞ্জ সফর শেষে প্রধান উপদেষ্টা দুপুরে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করে ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জ জেলায় খোলা বাজারে বিক্রির জন্য চালের বরাদ্দ বাড়ানোর নির্দেশ দেন। ওই সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জে প্রতি ওএমএস দিবসে ৩৫ টনের বদলে ৪৫ টন করে চাল বিক্রি করা হবে। আর ঢাকা মহানগরীতে বিক্রি করা হবে ৫৮৬ টন চাল। আগে ঢাকায় প্রতি ওএমএস দিবসে ৩৮৬ টন চাল বিক্রি হতো। প্রধান উপদেষ্টা গত বুধবার রাজধানীর মীরপুর, পল্লবী ও আগারগাঁওয়ে বিডিআর এর বিভিন্ন বিক্রয় কেন্দ্র ঘুরে দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএইচবি/২১৪৮ ঘ.