ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রওশন এরশাদসহ ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সিদ্ধান্তের ফলে রওশনসহ পুরনো ঠিকানায় ফেরার সুযোগ পেলেন এস এম এম আলম, গোলাম মসিহ, মশিউর রহমান রাঙ্গা, অধ্যাপিকা রওশন আরা মান্নান, আবদুস সবুর আসুদ, ফয়সল চিশতি, জাফরুল হাসান ফরহাদ, নুরুল ইসলাম নুরু, জসিম উদ্দিন ভূঁইয়া ও অবসরপ্রাপ্ত কর্নেল রেজাউল করীম। তারা পুরনো পদে বহাল হবেন বলে জানানো হয়েছে।
রওশন এরশাদ স্বাক্ষরিত অন্য এক বিজ্ঞপ্তিতেও তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। এতে এরশাদের নেতৃত্ব স্বীকার করে রওশন বলেন, 'এরশাদের নেতৃত্বে গোটা দল ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সঙ্কট বিমোচনের নতুন পথের সন্ধান পাবে বলে আমি বিশ্বাস করি।'
গত বছরের ২৮ জুন রওশন এরশাদের নেতৃত্বে কিছু নেতা এরশাদের নেতৃত্ব অস্বীকার করে নিজেদের জাতীয় পার্টির মূলধারা ঘোষণা করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে নিয়োগের পরপরই বিরোধ শুরু হয়। এরশাদ ওই নিয়োগ দিয়েছিলেন।
বহিষ্কারাদেশ তুলে নেওয়ার ফলে এস এম এম আলম, গোলাম মসিহ, মশিউর রহমান রাঙ্গা সভাপতিমণ্ডলীর সদস্য, অধ্যাপিকা রওশন আরা মান্নান ও আবদুস সবুর আসুদ সহসভাপতি; ফয়সল চিশতি ও জাফরুল হাসান ফরহাদ যুগ্ম মহাসচিব; নুরুল ইসলাম নুরু সাংগঠনিক সম্পাদকের আগে ফিরে পাচ্ছেন।
এ ছাড়া জসিম উদ্দিন ভূঁইয়া ও অবসরপ্রাপ্ত কর্নেল রেজাউল করীম ফিরে পাবেন কার্যনির্বাহী সদস্য পদ।
সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসিহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এ আদেশের ফলে জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে। আমরা এরশাদ সাহেবের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা ওই সময় বলেছিলাম পার্টি পরিচালনার দায়িত্ব এরশাদ সাহেব নেবেন। তিনি আবার দায়িত্ব নিয়েছেন- এটা আমাদের দাবির প্রতিফলন।''
তিনি জানান, জাতীয় পার্টির ১১ নেতা ছাড়াও অঙ্গসংগঠন কৃষক পার্টির আরশাদ হোসেন ও ইছহাক ভূঁইয়া বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/২১০৮ ঘ.
bdnews24