ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপ পূর্ববর্তী আলোচনায় বসার জন্য লিখিত আমন্ত্রণ চায় আওয়ামী লীগ। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার এ ব্যাপারে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানকে টেলিফোন করলে তিনি উপদেষ্টাকে বিষয়টি জানিয়ে দেন।
ভারপ্রাপ্ত সভাপতি জানান, বাণিজ্য উপদেষ্টা দুপুর দুইটায় টেলিফোন করে বিকালে প্রাক-সংলাপ আলোচনায় বসার জন্য অনুরোধ করেন। কিন্তু চিঠি দিয়ে আমন্ত্রণ জানাতে তিনি হোসেন জিল্লুরকে পাল্টা অনুরোধ করেন।
গুলশানের নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, "আমরা সরকারের চিঠির অপেক্ষায় আছি। আশা করি, সরকার আমাদের চিঠি দেবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, "আজ বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলোচনায় বসার জন্য বুধবারই আমাদের আমন্ত্রণ জানানো হয়। আমরা সরকারের সঙ্গে বসব। আমাদের কে কে আলোচনায় যাবে চিঠি পেলেই সে বিষয়ে সিদ্ধান্ত নেব।"
এর আগে বুধবার দলের সভাপতিমণ্ডলীর সভায় আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয়, তারা সরকারের সঙ্গে আলোচনায় বসবে। তবে সে জন্য সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাতে হবে।
বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের বিষয়ে খালেদা জিয়ার রিট আবেদনটি আদালত বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে তোফায়েল আহমদ বলেন, "আমরা আশা করব, রায়েরভিত্তিতে নির্বাচন কমিশন বাস্তব সম্মত সিদ্ধান্ত নেবে।"
জিল্লুর রহমানের বাসায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কেন্দ্রীয় বিভাগীয় উপ কমিটির সহ সম্পাদক সেগুফতা ইয়াসমিন এমিলি, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক নাজমুল আলম খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২০১৩ ঘ.
bdnews24