ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ হয়ে পড়ায় শেখ হাসিনাকে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসিনার চিকিৎসায় গঠিত স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "দুপুরের পর শেখ হাসিনার কানের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।"
তিনি জানান, বিকেল চারটা ৩৫ মিনিটের দিকে তাকে বিশেষ কারাগার থেকে হাসপাতালে আনা হয়।
এদিকে, উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "চিকিৎসা দেওয়ার পর তাকে আজই (বৃহস্পতিবার) আবার বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/এমএ/১৭১৫ঘ.
bdnews24