২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার রেশন চালুর কথা ভাবছে না

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে রেশন ব্যবস্থা চালুর প্রস্তাব নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, "অতীতে দেখা গেছে এ ব্যবস্থায় দুর্নীতি বাড়ে। এ কারণে রেশন চালুর বিষয়টি নিয়ে সরকার এখনো কিছু ভাবছে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে রেশন ব্যবস্থা চালুর প্রস্তাব নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, "অতীতে দেখা গেছে এ ব্যবস্থায় দুর্নীতি বাড়ে। এ কারণে রেশন চালুর বিষয়টি নিয়ে সরকার এখনো কিছু ভাবছে না।" বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় উপদেষ্টা একথা বলেন। মির্জ্জা আজিজ বলেন, "আগের অভিজ্ঞতায় দেখা গেছে, চেয়ারম্যান, মেম্বার আর ডিলাররা একজোট হয়ে রেশনের চাল বাইরে বিক্রি করে দেয়। আর যাদের এ সুবিধা পাওয়া উচিৎ তারা বঞ্চিতই থেকে যায়। বর্তমানে চালু ওএমএস প্রকল্পের ক্ষেত্রেও এ ধরনের দু' একটি ঘটনা ঘটেছে। তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সে সব বিবেচনায় এখন রেশন ব্যবস্থা চালুর কথা সরকার ভাবছে না।" দাতা সংস্থার চাপ সত্ত্বেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সেবার দাম বাড়ায়নি জানিয়ে মির্জ্জা আজিজুল বলেন, "আইএমএফ আমাদের সঙ্কোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করতে বলেছিল। পাশাপাশি বিশ্বব্যাংক-আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সেবার দাম বাড়াতে বলেছিল। কিন্তু দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে আমরা সঙ্কোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করিনি। সেবার দামও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ও করিনি।" তিনি বলেন, "অনেক সময় বলা হয়, আমরা বিশ্বব্যাংক-আইএমএফ এর সব কথা শুনি। কিন্তু এ দুটি উদাহরণ থেকে প্রমাণিত হয় যে আমরা তাদের সব কথা শুনি না।" 'কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া অনৈতিক' মন্তব্য করেন মির্জ্জা আজিজুল বলেন, "বিদ্যমান আইনে বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রয়েছে।" করমুক্ত আয়ের সীমা দেড় লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "চলতি অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। এ সীমা আরো বাড়ালে যাদের এ সুবিধা প্রাপ্য তাদের বদলে অন্যরা সুবিধা নিতে পারে।" অর্থ উপদেষ্টা জানান, নতুন বাজেটে কৃষি ও বিদ্যুৎ খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কৃষি উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। অন্যান্যের মধ্যে ইআরএফ সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান প্রমুখ আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জেকে/এমএ/১৬৩৮ঘ.