ঢাকা,এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার অনানুষ্ঠানিক আলোচনা করেছে জামায়াতে ইসলামী।
'সংলাপ' পূর্ববর্তী আলোচনার অংশ হিসেবে রাজধানীর রেল ভবনে সকালে জামায়াত ইসলামীর চার নেতার সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন উপদেষ্টারা।
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''একজন উপদেষ্টা অনানুষ্ঠানিক আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। তার অংশ হিসেবে বৈঠক হয়েছে। সুষ্ঠু নির্বাচন, সংলাপ ও নির্বাচন পরবর্তী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।''
বৈঠকে জামায়াতের নায়েবে আমীর মকবুল আহমেদ, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও নির্বাহী কমিটির সদস্য মাওলানা আবদুস সুবহান অংশ নেন।
উপদেষ্টাদের মধ্যে ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ।
এর আগে সোমবার রেলভবনে আওয়ামী লীগ ও বুধবার জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমএ/১৫৪৮ঘ.
bdnews24