ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপ নিয়ে দ্বিতীয় দফা 'অনানুষ্ঠানিক' বৈঠকের জন্য সরকারের আমন্ত্রণের জবাবে আওয়ামী লীগ জানিয়েছে, তারা আলোচনায় রাজি। তবে এ জন্য তাদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানাতে হবে।
বুধবার গুলশানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
সভাপতিমণ্ডলির বৈঠক শেষে সৈয়দ আশরাফুল সাংবাদিকদের বলেন, "বিকালে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান আমাকে ফোন করে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আবারও অনানুষ্ঠানিক বৈঠকে বসার জন্য অনুরোধ করেন। আমরা তাকে জানিয়েছি, বৈঠক করতে আমরা রাজি। তবে সে জন্য চিঠি দিয়ে আমাদের আমন্ত্রণ জানাতে হবে।"
দ্বিতীয় দফার বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে কারা অংশে নেবেন জানতে চাইলে আশরাফুল বলেন, "চিঠি পাওয়ার পর আমরা ঠিক করব কে কে বৈঠকে যাবে।"
জিল্লুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সংলাপের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য সোমবার রাতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে রেল ভবনে 'অনানুষ্ঠানিক' বৈঠকে বসেন পাঁচ উপদেষ্টা।
ওই বৈঠকে সরকারের পক্ষে ছিলেন আইন উপদেষ্টা হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী।
আওয়ামী লীগের পক্ষে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএ/জেকে/এমএইচবি/২২৫০ ঘ.
bdnews24