ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ নিয়ে মঙ্গলবার বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি।
গীতা পাসি পরে সাংবাদিকদের বলেন, "সরকারের সংলাপের উদ্যোগকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমরা মনে করি।"
বিকেলে খোন্দকার দেলোয়ার হোসেনের ন্যাম ফ্ল্যাটে এ বৈঠকের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব আহম্মদ, এম শামসুল ইসলাম, সহসভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি টি এইচ খান ও চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ উপস্থিত ছিলেন।
প্রায় সোয়া একঘণ্টার আলোচনা শেষে গীতা পাসি সাংবাদিকদের বলেন, " নির্বাচন কমিশন রোডম্যাপ অনুযায়ী সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে বলে আমরা আশা করি।"
খোন্দকার দেলোয়ার বলেন, " বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে সেখানে রাজনৈতিক, সামাাজিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। আমি আলোচনা সন্তোষজনক বলে মনে করি।"
এক প্রশ্নের জবাবে 'খালেদাপন্থী' এ নেতা বলেন, "সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিক সংলাপের প্রস্তাব পেয়েছি। তবে রিজভী আহমেদের (ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) মাধ্যমে জানিয়েছি, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক, যে আলোচনাই হোক- আগে চেয়ারপারসনের সঙ্গে আমাকে কথা বলতে হবে। তার নির্দেশনা ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব হবে না।''
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে বিএনপি মহাসচিব দলের শীর্ষ ছয় নেতার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এসএনডি/এসকে/১৯০০ঘ.
bdnews24