ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে আওয়ামী লীগের অনানুষ্ঠানিক আলোচনা 'অত্যন্ত সফল' হয়েছে বলে দাবি করেছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের। আনুষ্ঠানিক সংলাপ শুরুর আগে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও একই ধরনের আলোচনা হবে বলেও তিনি জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় সরকারের যে পাঁচজন উপদেষ্টা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করেন যোগাযোগ উপদেষ্টা তাদের অন্যতম।
মঙ্গলবার বিকেলে যোগাযোগ মন্ত্রণালয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আনুষ্ঠানিক সংলাপ শুরুর আগে আওয়ামী লীগের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সংলাপ সফল হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।"
তবে কবে, কোথায় আনুষ্ঠানিক সংলাপ হবে সে বিষয়ে যোগাযোগ উপদেষ্টা কিছু বলেননি।
উপদেষ্টা গোলাম কাদের জানান, আনুষ্ঠানিক সংলাপ শুরুর 'প্রস্তুতি হিসেবে' সরকার জামাতসহ অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবে।
সোমবার সন্ধ্যায় রেল ভবনে সরকারের সঙ্গে আওয়ামী লীগের অনানুষ্ঠানিক বৈঠকে যোগাযোগ উপদেষ্টা ছাড়াও ছিলেন আইন উপদেষ্টা হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী।
আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ইএইচবি-এএইচডি/এসএনডি/এসকে/১৮২৭ঘ.
bdnews24