ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপের আগে অনানুষ্ঠানিক আলোচনায় বসতে বিএনপির দুই অংশের সঙ্গে যোগাযোগ করেছেন সরকারের দু'জন উপদেষ্টা।
সোমবার রাতে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বিএনপির দেলোয়ারপন্থী অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদকে টেলিফোনে এই অনানুষ্ঠানিক আলোচনায় বসার প্রস্তাব করেন। অন্যদিকে মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে একই প্রস্তাব দেন যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের।
হাফিজউদ্দিন আহমেদ ও রিজভী আহমেদ উভয়েই মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে আলোচনায় বসার ব্যাপারে উপদেষ্টাদের প্রস্তাবের সত্যতা স্বীকার করেছেন।
তবে সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও আলোচনার তারিখের ব্যাপারে বিএনপির কোনো অংশই নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
অনানুষ্ঠানিক আলোচনায় বসতে উপদেষ্টাদের প্রস্তাবের বিষয়ে হাফিজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার সঙ্গে যোগাযোগ উপদেষ্টার কথা হয়েছে। আমরা এখন দলে নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি।"
অন্যদিকে রিজভী আহমেদ বলেন, "সোমবার রাত ১২টার দিকে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান আমাকে ফোন করে অনানুষ্ঠানিক আলোচনায় বসার প্রস্তাব করেন। আমি বলেছি, মহাসচিবের সঙ্গে আলোচনা করে তাকে জানাবো।"
রিজভী আহমেদ বলেছেন, মঙ্গলবার সকালে তিনি বাণিজ্য উপদেষ্টাকে ফিরতি টেলিফোন করে আগে চেয়ারপারসনের সঙ্গে এ নিয়ে আলাপ করার ব্যাপারে মহাসচিব খোন্দকার দেলোয়ারের ইচ্ছার কথা জানান।
আলোচনায় বসার প্রস্তাব পাওয়ার পর মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটি মনোনীত মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারপারসন এম সাইফুর রহমানসহ এ অংশের অন্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে সোমবার সন্ধ্যায় সরকারের পাঁচজন উপদেষ্টা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংলাপের বিষয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন। প্রায় দু'ঘন্টার ওই বৈঠকে আইন উপদেষ্টা হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে
bdnews24