২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের প্যারোলের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে

কারাবন্দি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের প্যারোলের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে তার প্যারোলের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের প্যারোলের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে তার প্যারোলের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানো হলো। আব্দুল জলিল বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩ মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (কারা শাখা) মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, আব্দুল জলিলের আবেদনের পরিপ্রেক্ষিতে তার প্যারোলের মেয়াদ ১১ এপ্রিল থেকে আরও এক মাস বাড়ানো হয়েছে। এতে বলা হয়, "ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাময়িক মুক্ত সিঙ্গাপুরে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী এম এ জলিলের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে ও চিকিৎসার স্বার্থে তার সাময়িক মুক্তির সময়সীমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মার্চ ২০০৮ ও ১ এপ্রিল ২০০৮ এর পত্রের অনুবৃত্তিক্রমে ১১ এপ্রিল ২০০৮ থেকে আরও এক মাসের জন্য নির্দেশক্রমে বৃদ্ধি করা হল।" এর আগে গত ১ এপ্রিল আব্দুল জলিলের প্যারোলের মেয়াদ ১০ দিন বাড়ানো হয়। ওইসময় প্যারোলের মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য আব্দুল জলিল আবেদন করেছিলেন। কিডনির উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নিতে গত ২ মার্চ আব্দুল জলিলকে এক মাসের মেয়াদে প্যারোলে মুক্তি দেওয়া হয়। ৩ মার্চ তিনি ঢাকা ছাড়েন। আব্দুল জলিলকে ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১৭১০ ঘ.