ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকা এসে পৌঁছবেন বলে ব্রিটিশ হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
জ্যাকি স্মিথ গত চার মাসে বাংলাদেশ সফর করা যুক্তরাজ্যের উর্ধ্বতন মন্ত্রীদের মধ্যে তৃতীয়। এর আগে ফেব্র"য়ারি মাসে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড এবং ২০০৭ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ডগলাস আলেকজান্ডার ঢাকা সফর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যাকি স্মিথ ১০ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন।
জ্যাকি স্মিথ প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ, স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন,পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী এবং সেনাবাহিনী প্রধান মঈন উ আহমেদের সঙ্গে সাক্ষাত করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি ও চরমপন্থীদের প্রতিরোধ করা, অভিবাসন ব্যবস্থাপনা, বাংলাদেশের পুলিশ বাহিনীর পুনর্গঠন এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনা করবেন।"
ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রিটিশ মন্ত্রীর সফর সমাপ্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এসকে/১৬১৪ঘ.
bdnews24