ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবিলম্বে শেখ হাসিনার মুক্তি দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
তিনি বলেছেন, "আগামী ১০ এপ্রিল শেখ হাসিনার মামলার পরবর্তী শুনানির দিন। তার আগেই আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে।"
মঙ্গলবার শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের দিনব্যাপী অনশন কর্মসূচী শুরু করে সাজেদা চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন, "সুচিকিৎসা নিশ্চিত করতে শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে।"
একইসঙ্গে তিনি জরুরী অবস্থা প্রত্যাহার ও জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ ও সাধারণ সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৫১৮ঘ.
bdnews24