২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোবায়দার দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাস স্থগিত

তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে স্বামীকে সহায়তার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার কার্যক্রম দুই মাস স্থগিত করেছে হাইকোর্ট।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 09:22 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে স্বামীকে সহায়তার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার কার্যক্রম দুই মাস স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ দুর্নীতির মামলা বাতিলের জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। পাশাপাশি এ মামলায় জোবায়দার বিরুদ্ধে আনা অভিযোগ কেন বাতিল করা হবেনা দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি আদেশ দিয়েছে। ৭ এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে জোবায়দা রহমান মামলা বাতিলের এ আবেদন জানান। গত বছরের ২৬ সেপ্টেম্বর দুদকের উপ পরিচালক জহিরুল হুদা তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কাফরুল থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় গত ৩১ মার্চ দুদক তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলায় অভিযোগ করা হয়, জোবায়দা তারেক রহমানকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন। তারেক জোবায়দাকে ৩৫ লাখ টাকার দুটি এফডিআর করে দেন। মামলাটি বাতিলের জন্য জোবায়দার আবেদনের ওপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিসুল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিঞা। হাইকোর্টের আদেশের পর জোবায়দার কৌসুলী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, "জোবায়দা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। জোবায়দার পরিবারের কয়েকশ' কোটি টাকার সম্পদ রয়েছে। ৩৫ লাখ টাকার যে অভিযোগ আনা হয়েছে তা বাড়ি ভাড়া থেকে পেয়ে জোবায়দার মা তাকে দিয়েছেন।" দুদকের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, "এ মামলা বাতিল ও স্থগিতের জন্য হাইকোর্টে করা এ আবেদনই অচল। তারপরও হাইকোর্ট এ আবেদন গ্রহণ করেছে ও মামলার কার্যক্রম স্থগিত করেছেন। ভাড়াটিয়ার কাছ থেকে জোবায়দার টাকা পাওয়ার গল্প বানানো। কারণ ওই ভাড়াটিয়া তার জবানবন্দিতে বলেছেন তিনি জোবায়দার মাকে ওই ভাড়ার টাকা দেননি। তারেকের অবৈধ টাকা বৈধ করার জন্য এ গল্প তৈরি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৫১৫ঘ.