ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছায় ক্ষমতা ছাড়লে মামলা করা হবে না কথা দিলেও প্রতিশ্র"তি রাখেনি সে সময়ের ক্ষমতাসীনরা- রোববার দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এ দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ।
'থ্রি স্টার' পোলট্রি ফার্মকে শিল্প ব্যাংকের দেয়া ঋণের ৩৫ লাখ টাকা অবৈধভাবে মওকুফের মামলায় দুপুরে তিনি ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন।
আদালতে এরশাদ বলেন, "কথা ছিল ক্ষমতা হস্তান্তরের পর আমার বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা করা হবে না। প্রতিশ্র"তি অনুযায়ী আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলেও তারা (তৎকালীন ক্ষমতাসীনরা) কথা রাখেননি। আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সাজিয়েছেন তারা। ইনশাআল্লাহ অন্যান্য মামলার মতো এই মিথ্যা মামলার দায় থেকেও আমি রেহাই পাব।"
বিচারক গোলাম মর্তুজা মজুমদার আগামি ২২ এপ্রিল এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন। এরশাদ এ মামলায় জামিনে রয়েছেন।
এ মামলার বাকি পাঁচ আসামি হলেন- শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, থ্রি স্টার পোল্ট্রি ফার্মের পরিচালক নূরুন্নাহার শেলী, বোরহানউদ্দিন ও ফিরোজ কবির এবং ফার্মের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবির।
এদের মধ্যে ফিরোজ কবির ও বোরহানউদ্দিন বর্তমানে জামিনে আছেন। জাহাঙ্গীর কবির ও শেলী পলাতক রয়েছেন।
এ মামলায় জামিনে থাকলেও এ কে এম মোশাররফ হোসেন অন্য মামলায় কারাগারে আছেন। তাকেও সকালে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। ফিরোজ কবির ও বোরহানউদ্দিনও আদালতে হাজির হন। তারা প্রত্যেকেই নিজেকে নির্দোষ দাবি করে 'থ্রি স্টার' পোলট্রি ফার্ম দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চান।
'থ্রি স্টার' পোল্ট্রি ফার্মকে শিল্প ব্যাংকের দেয়া ৩৫ লাখ টাকার ঋণ অবৈধভাবে মওকুফের অভিযোগে ১৯৯১ সালের ২২ এপ্রিল তখনকার দুর্নীতি দমন ব্যুরো মতিঝিল থানায় এ মামলা দায়ের করে। একই বছর ৬ নভেম্বর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/পিবি/কিউএইচ/টিএইচ/জেকে/এমএ/১৮৩০ঘ.
bdnews24