ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষীদের জেরা করার অনুমতি বাতিল করে আইনজীবী দিয়ে মামলা পরিচালনার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ নির্দেশ দেন।
আদালতের অনুমতি নিয়ে এতদিন সাকা চৌধুরী নিজেই তার মামলা পরিচালনা করছিলেন।
সালাউদ্দিন কাদেরকে দেওয়া লিখিত ওই নির্দেশে বলা হয়, 'জেরার নামে বাদীকে হেনস্থা করাসহ আপনি বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা ও শব্দ উচ্চারণ করে অট্ট হাসিতে ফেটে পড়েন। যা চরমভাবে আদালত অবমাননাকর।'
আদালতের প্রথা (ডেকোরাম) মেনে চলার আদেশ দিয়ে তাকে বলা হয়, 'এখন থেকে আপনাকে আদালতে কোনো অপ্রাসঙ্গিক শব্দ ও বক্তব্য প্রদানে বিরত থাকাসহ আদালতের ডেকোরাম মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।"
ওই নির্দেশে আরও বলা হয়, 'ন্যায় বিচারের স্বার্থে আসামি পক্ষ আদালত সহযোগিতা পাচ্ছে না। এ অবস্থায় আসামির জেরা করার অনুমতি বাতিল করা হলো। একই সঙ্গে একজন বিজ্ঞ কৌশলী নিয়োগ দিয়ে মামলা পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হলো।'
এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বিভিন্ন কৌশলে সালাউদ্দিন কাদের চৌধুরী জেরা শেষ না করে আদালতের সময় নষ্ট করেছেন। আজ বাধ্য হয়ে আদালত ওই নির্দেশ দিয়েছেন।"
এদিকে রোববার সাকা চৌধুরী দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ও অন্য দুই কমিশনারের নিয়োগ 'অবৈধ' দাবি করে আদালতে একটি দরখাস্ত জমা দেন। এতে তিনি বলেন, বর্তমান কমিশনাদের নিয়োগ অবৈধ। আমার বিরুদ্ধে মামলারও আইনগত ভিত্তি নেই। তাই এ মামলা আমাকে অব্যাহতি দেওয়া হোক।
আদালত তার এ আবেদন নাকচ করে বাদীকে জেরা করতে বলেন। এর জবাবে সাকা চৌধুরী আদালতকে বলেন, "এ মামলার বাদীর কোনো বৈধতা নেই। তাই আমি তাকে জেরা করতে পারছি না।"
এ অবস্থায় আদালত 'বাদির সাক্ষী শেষ' বলে সোমবার অন্য আসামীদের আদালতে আসার জন্য সমন জারি করেন।
সোমবারেও বাদির জেরা হওয়ার কথা ছিলো।
চলতি বছরের ১৩ জুন সম্পত্তির তথ্য গোপন ও জানা আয়ের উৎস বহির্ভুত সম্পত্তি অর্জনের অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আকতার হামিদ ভূঁইয়া।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি অবৈধভাবে ৯ কোটি, ৪৫ লাখ ৫২ হাজার ৬'শ ৩২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে ৯১ লাখ ৪২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৮২৭ ঘ.
bdnews24