২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসন ও রাজনীতিতে সামরিক বাহিনীর খবরদারি শুভ নয়: হাবিবুর রহমান

দেশের সংবিধান সংশোধনের প্রয়োজন আছে উল্লেখ করে সংবিধান কমিশন গঠনের পক্ষে মত দিয়েছেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি ও জলসম্পদ সংস্কার ও ব্যবস্থাপনা শক্তিশালী করার পরামর্শও দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের এই সাবেক প্রধান উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সংবিধান সংশোধনের প্রয়োজন আছে উল্লেখ করে সংবিধান কমিশন গঠনের পক্ষে মত দিয়েছেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি ও জলসম্পদ সংস্কার ও ব্যবস্থাপনা শক্তিশালী করার পরামর্শও দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের এই সাবেক প্রধান উপদেষ্টা। তার আশঙ্কা, তা না হলে বর্তমানে প্রায় দুর্ভিক্ষ অবস্থা স্থায়ী হয়ে যাবে। সাবেক প্রধান বিচারপতি মনে করেন, প্রশাসন ও রাজনীতিতে সামরিক বাহিনীর খবরদারি দেশ কিংবা সামরিক বাহিনীর জন্য শুভ নয়। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ হাবিবুর রহমান। বাংলাদেশ ফার্স্ট-বাংলাদেশ ২০২৫ নামে একটি সংগঠন ওই সংলাপ আয়োজন করে। সংলাপে 'গণতন্ত্র ও জাতীয় অর্থনীতি' শীর্ষক অধিবেশনে মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, "সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। তার জন্য সংবিধান কমিশন গঠন করা যেতে পারে।" তবে ব্যক্তি বিশেষের স্বার্থে 'সাংবিধানিক বুজরকি'র আশ্রয় নেওয়া হলে তার ফল স্থায়ী হবে না বলে মনে করেন তিনি। একইসঙ্গে আইন কমিশনের উদাহরণ টেনে তিনি বলেন, "আইন কমিশনের যে সামান্য ব্যবহার হয়েছে, তাতে আমরা তেমন ভরসা পাই না। কারণ সরকারের মুন্সিরা নিজেদের কামেল মনে করেন। অপরের পরামর্শ তারা পছন্দ করেন না।" বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক প্রধান উপদেষ্টা বলেন, "এখন অর্থনীতির বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা। এ জন্য কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। বীজ, সার ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। দেশের কৃষি ও জলসম্পদ সংস্কার ও ব্যবস্থাপনা শক্তিশালী করতে না পারলে বর্তমানে প্রায় দুর্ভিক্ষ অবস্থা স্থায়ী হয়ে যাবে।" হাবিবুর রহমান বলেন, "এটা স্বতঃসিদ্ধ দেশের প্রশাসন ও রাজনীতিতে সামরিক বাহিনীর খবরদারি দেশের বা সামরিক বাহিনীর জন্য শুভ হতে পারে না। বাঙালির কী এমন বিশেষ মেধা রয়েছে যে এর ব্যতিক্রম করে তারা পার পেয়ে যাবে!" ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আশা প্রকাশ করে সাবেক প্রধান বিচারপতি বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বারংবার উচ্চারিত বক্তব্যে আমরা ধরে নিয়েছি, এ বছরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।" পাশাপাশি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়ে হাবিবুর রহমান বলেন, "আসুন আমরা অঙ্গীকারাবদ্ধ হই- আমরা যেন অপাত্রে আমাদের ভোট না দিই। তিনি বলেন, "আমরা এমন সাংসদ নির্বাচিত করবো; যারা শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, আমাদের চলার পথে রোল মডেল হয়ে থাকবেন।" সংলাপের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ড. কামাল হোসেন। এরপর 'কৃষি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়ন' এবং 'কাক্সিক্ষত বাংলাদেশ ও তরুণ প্রজন্ম' শীর্ষক দুটি অধিবেশন হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, "নীরব দুর্ভিক্ষ কিংবা হিডেন হাঙ্গার যা-ই বলা হোক না কেন, দেশের মানুষ কষ্টে আছে। এর অবসান ঘটাতে দ্রুত উদ্যোগ নিতে হবে। সরকারকে প্রচলিত মান্ধাতা আমলের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।" এক্ষেত্রে সরকারের পাশাপাশি সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বর্তমান সঙ্কট উত্তরণে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বানও জানান তিনি। সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, "আমরা ওয়ান-ইলেভেন এর আগের সময়ে ফিরে যেতে চাই না। তবে দিনের পর দিন জরুরি অবস্থার পরিস্থিতিরও অবসান হতে হবে।" ড. কামাল হোসেন বলেন, "২০০৮ সালের চ্যালেঞ্জ হচ্ছে, একটি শক্তিশালী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। এ জন্য সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন করার জন্য একটি সমঝোতার কাঠামো গড়ে তুলতে হবে।" নাগরিক সংলাপের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ, হাঙ্গার প্রজেক্টের আবাসিক প্রতিনিধি বদিউল আলম মজুমদার, এফবিসিসিআই'র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, বিজেএমইএ'র সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, কৃষিবিদ ড. জহুরুল করীম প্রমুখ। অনুষ্ঠানে গণফোরামের পংকজ ভট্টাচার্য্য, সাম্যবাদী দলের দিলীপ বড়