ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে কৃষক লীগ রোববার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন শুরু করেছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
হাসিনাকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, "আমরা সরকারের প্রতিপক্ষ নই। সরকারকে সহযোগিতা করতে চাই। শেখ হাসিনাকে নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করুন। তা না হলে ফল শুভ হবে না।"
রোডম্যাপ অনুযায়ী নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার ও অবিলম্বে ঘরোয়া রাজনীতি চালু করারও দাবি জানান তোফায়েল।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান বলেন, শেখ হাসিনার সময়ে চালের কেজি ছিল ১০ টাকা, এখন হয়েছে ৪৫ টাকা। পেটে ক্ষুধা থাকলে জনগণ জরুরি অবস্থা মানবে না। তারা রাস্তায় নেমে আসবে।
অনশন কর্মসূচিতে আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মীর্জা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হাওলাদারসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা কৃষক লীগের নেতারা অংশ নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/আরএ/এসএনডি/১৫৪৯ ঘ.
bdnews24