ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশী নাগরিকরা ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবি জানিয়েছে সরকারের প্রতি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে "প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার বাস্তবায়ন কমিটি" নামে একটি সংগঠন এ দাবি জানায়। সংগঠনের আহবায়ক ইতালি প্রবাসী আবু সাঈদ খান এ প্রসঙ্গে বলেন,'' প্রবাসে থাকলেও আমরা বাংলাদেশী। আমাদের ভোটের অধিকার ও জাতীয় পরিচয়পত্র চাই।''
সংবাদ সম্মেলনে এক লিখিত ভাষ্যে দুই নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ও ছহুল হোসেনের যুক্তরাজ্য প্রবাসীদের ভোটার করার কথা জানানোর বিষয়টি উল্লেখ করে বলা হয়, "যুক্তরাজ্যের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশী কাজ করছেন। তারা কেন দেশের নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হবেন ?''
লিখিত বক্তব্যে প্রবাসী আবু সাঈদ খান আশাবাদ ব্যক্ত করেন, সরকার ও নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া শুরু করবে।
আবু সাঈদ খান আরো বলেন, '' আমাদের ভোট দেওয়ার অধিকার দিতে হবে। নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র আমাদেরও প্রাপ্য। এটা আমাদের সাংবিধানিক অধিকার।''
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য ইতালী প্রবাসী জাবেদ হোসেন, নুরুন্নবী তালুকদার, শামসুল আলম ও আইয়ুব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএম/এসকে/১৩০৯ঘ.
bdnews24