ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিশেষ সংস্থার মাধ্যমে নির্বাচনের প্রার্থী খুঁজছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার তোপখানা রোডের কার্যালয়ে মহানগর ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় তিনি বলেন, ''নির্বাচন কমিশন বারবার রোডম্যাপ বাস্তবায়নের কথা বললেও অতীতের কায়দায় বিশেষ সংস্থার মাধ্যমে বিভিন্ন স্তরে নির্বাচনের প্রার্থী খোঁজা হচ্ছে। তা হলে সুষ্ঠু নির্বাচন হবে কীভাবে?''
মেনন বলেন, ''সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। জনগণ কোনো সাজানো নির্বাচন মেনে নেবে না।''
সরকারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়ে অবিলম্বে নির্বাচনী আইন চূড়ান্ত করার দাবি জানান তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে এ পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে মেনন বলেন, ''দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষুধার গ্রেনেড বিস্ফোরিত হতে পারে।''
মহানগর সদস্য তারেক আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আবদুল খালেক, জাকির হোসেন রাজু, মোতালেব কিশোর রায়, মিজানুর রহমান মিজান, তপন সাহা, বাবুল আক্তার, বাপ্পাদিত্য বসু, পি কে আর তুষার, আনোয়ার আলী ভূঁইয়া প্রমুখ।
নগর কমিটির সম্পাদক কামরুল আহসান সভায় সাংগঠনিক প্রতিবেদন দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/জেকে/এমএ/১৯১২ঘ.
bdnews24