ঢাকা, এপ্রিল ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ভিক্ষাবস্থা প্রসঙ্গে খাদ্য উপদেষ্টার বক্তব্যকে 'ক্ষুধাপীড়িত মানুষের সঙ্গে নিষ্ঠুর তামাশা' বলে মন্তব্য করেছেন সাইফুল নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি।
দেশের বর্তমানের খাদ্য দুর্যোগকে নীরব দুর্ভিক্ষ বলা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গত বৃহস্পতিবার খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী বলেন, "নীরব দুর্ভিক্ষ নয়, দেশে 'হিডেন হাঙ্গার' চলছে। দুর্ভিক্ষের সংজ্ঞা ভিন্নতর। না খেয়ে ব্যাপকভাবে মানুষ মারা গেলে তাকে দুর্ভিক্ষ বলে। সে ধরনের অবস্থা এখনও দেশে হয় নি। এ ধরনের হিডেন হাঙ্গার দেশে আগেও ছিল। তবে এখন তীব্রতা বেড়েছে।"
শুক্রবার ওয়ার্কার্স পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে উপদেষ্টার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
তারা খাদ্য উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন, "না খেয়ে কত মানুষ মারা গেলে তাকে দুর্ভিক্ষাবস্থা বলা যাবে?"
নেতারা দুর্ভিক্ষ মোকাবেলায় রেশনিং ব্যবস্থা চালু, আগামী দুই মাস দেড় কোটি মানুষের কাছে খাবার পৌঁছানো, গণবন্টন ব্যবস্থা আরও জোরদার, সরকারি খাদ্য মজুদ বাড়ানো ও অপচয় রোধের দাবিও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এমএ/১৮৩০ঘ.
bdnews24